নেত্রকোনায় ডিবি পরিচয়ে ডাকাতি, আটক ৩
অভিযানে কলমাকান্দা উপজেলার সিধলী এলাকার তালতলা থেকে চার ঘণ্টার মধ্যে তিনজনকে আটক করা হয়। ছবি: সমকাল
নেত্রকোনা প্রতিনিধি
প্রকাশ: ১৯ জুলাই ২০২৬ | ১৫:৩৯ | আপডেট: ১৯ জুলাই ২০২৬ | ১৫:৪৩
নেত্রকোনার দুর্গাপুর উপজেলায় গোয়েন্দা পুলিশের (ডিবি) পরিচয়ে একটি বাড়িতে ডাকাতির অভিযোগে তিনজনকে আটক করেছে পুলিশ। শনিবার গভীর রাতে উপজেলার কাকৈরগড়া ইউনিয়নের লক্ষীপুর গ্রামে এ ঘটনা ঘটে। রোববার বিষয়টি নিশ্চিত করেছেন দুর্গাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) খন্দকার শাকের আহমেদ।
আটক ব্যক্তিরা হলেন হবিগঞ্জের বানিয়াচং উপজেলার রাজ কুমার (২৬), জামালপুরের ইসলামপুর উপজেলার আবদুল হামিদ (৪৫) এবং ব্রাহ্মণবাড়িয়ার শাহীন আলম (৪৮)।
পুলিশ জানায়, সাত সদস্যের একটি দল ডিবি পরিচয়ে রাত দুইটার দিকে আবদুল ওয়াদুদ মিয়ার বাড়িতে প্রবেশ করে। পরে বাড়ির সদস্যদের হাত-পা ও মুখ বেঁধে নগদ টাকা, স্বর্ণালঙ্কার, মুঠোফোন, কাপড়সহ বিভিন্ন মালামাল লুট করে নিয়ে যায়।
ঘটনার খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে তথ্যপ্রযুক্তির সহায়তায় অভিযান শুরু করে। অভিযানে কলমাকান্দা উপজেলার সিধলী এলাকার তালতলা থেকে চার ঘণ্টার মধ্যে তিনজনকে আটক করা হয়। এ সময় লুট হওয়া একটি মুঠোফোন, ১১ হাজার ৪০০ টাকা এবং কিছু কাপড় উদ্ধার করা হয়েছে।
পুলিশের দাবি, ভুক্তভোগী পরিবারের এক স্বজন ডাকাত দলের সদস্যদের সহযোগিতা করেছিলেন। তবে তিনি ঘটনাস্থল থেকে পালিয়ে যান। তার পাশাপাশি চক্রের অন্য সদস্যদের গ্রেপ্তারে অভিযান চলছে।
ওসি খন্দকার শাকের আহমেদ বলেন, আটক ব্যক্তিদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। এ ঘটনায় মামলা প্রক্রিয়াধীন রয়েছে।