ঢাকা সোমবার, ২০ জুলাই ২০২৬

ময়লা ফেলার কাজ নিয়ে দুই গ্রুপের বিরোধ, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ

ময়লা ফেলার কাজ নিয়ে দুই গ্রুপের বিরোধ, পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ
×

ফাইল ছবি

সমকাল প্রতিবেদক

প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ০২:১৩

ডাস্টবিনের ময়লা ফেলানো কাজ নিয়ে দুই গ্রুপের দ্বন্দ্বে রাজধানীর গুলশানের নতুনবাজার এলাকায় তৌহিদ (২৮) নামে এক পরিচ্ছন্নতাকর্মী গুলিবিদ্ধ হয়েছেন। 

রোববার রাত সাড়ে ৮টার দিকে নতুনবাজার ও বারিধারা সড়কের ময়লার ডাস্টবিনের সামনে এ ঘটনা ঘটে। পরে তাকে আহত অবস্থায় উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে পঙ্গু হাসপাতালে স্থানান্তর করা হয়। 

আহতের সহকর্মী কামরুল জানান, নতুনবাজার এলাকার ডাস্টবিনের ময়লা ফেলার কাজ নিয়ে হেলাল ও দেলোয়ার গ্রুপের মধ্যে বেশ কিছুদিন ধরে দ্বন্দ্ব চলছিল। ময়লা ফেলার কাজ পায় দেলোয়ার গ্রুপ। এতে হেলাল গ্রুপ ক্ষুব্ধ হয়।  রোববার রাতে হঠাৎ নতুন বাজার এলাকার ডাস্টবিনের সামনে অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা অতর্কিত গুলি চালালে তৌহিদের পায়ে গুলি লাগে। পরে তাকে হাসপাতালে নেওয়া হয়। গুলিবিদ্ধ তৌহিদ নেত্রকোনা জেলার কলমাকান্দা থানার কাকুরিয়া মাছিমা গ্রামের বাসিন্দা আবুল হাশেমের ছেলে। তিনি বর্তমানে ভাটারা থানার কোকাকোলা টেকবাড়ি বারিধারা এলাকায় বসবাস করেন।

গুলশান থানার ওসি দাউদ হোসেন সমকালকে বলেন, ডাস্টবিনের ময়লা ফেলাকে কেন্দ্র করে গুলির ঘটনা ঘটেছে বলে প্রাথমিকভাবে জানা গেছে। বিষয়টা খতিয়ে দেখা হচ্ছে। 

আরও পড়ুন

×