হামহামে আটকা পড়া ১০ পর্যটককে উদ্ধার
ছবি: সমকাল
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২০ জুলাই ২০২৬ | ২০:৫৪
মৌলভীবাজারের কমলগঞ্জের সংরক্ষিত বনাঞ্চলের ভেতরে অবস্থিত হামহাম জলপ্রপাতে আটকা পড়া ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির ১০ শিক্ষার্থীকে নিরাপদে উদ্ধার করেছে যৌথ বাহিনী। সোমবার বিকেলে পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স মিলে তাদের উদ্ধার করে। এসময় স্থানীয়রাও সহযোগিতা করেন।
সোমবার সকালে ঢাকা থেকে ১০ সদস্যের একটি দল হামহাম জলপ্রপাত ভ্রমণে যায়। জলপ্রপাতের দুর্গম পাহাড়ি পথে চলার সময় দলের এক শিক্ষার্থী পিছলে পড়ে হাতে গুরুতর আঘাত পান। আহত সহযাত্রীকে নিয়ে ফিরতে না পেরে তারা জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করে সহায়তা চান।
৯৯৯-এর মাধ্যমে বিকেল ৩টার দিকে খবর পেয়ে কমলগঞ্জ থানা পুলিশ, ট্যুরিস্ট পুলিশ, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স এবং স্থানীয় স্বেচ্ছাসেবকদের সমন্বয়ে উদ্ধার অভিযান শুরু হয়। প্রায় এক ঘণ্টা ৪৫ মিনিটের অভিযানে বিকেল ৪টা ৪৫ মিনিটে আটকে পড়া ১০ পর্যটককে নিরাপদে উদ্ধার করা হয়।
উদ্ধারের পর আহত শিক্ষার্থীকে প্রাথমিক চিকিৎসা দিয়ে শ্রীমঙ্গল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। পরে প্রয়োজনীয় চিকিৎসা শেষে তিনি ও অন্য নয়জন পর্যটক নিজ নিজ গন্তব্যে রওনা দেন।
কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কমর উদ্দিন বলেন, ৯৯৯-এর মাধ্যমে খবর পাওয়ার পরপরই সমন্বিতভাবে উদ্ধার অভিযান চালানো হয়। দুর্গম পথ হওয়া সত্ত্বেও সবাইকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয়েছে।
শ্রীমঙ্গল ট্যুরিস্ট পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. কামরুল ইসলাম বলেন, যৌথ অভিযানে ১০ পর্যটককে উদ্ধার করা হয়েছে। আহত একজনকে হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।
কমলগঞ্জ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মকর্তা ফয়েজ আহমদ বলেন, বর্ষা মৌসুমে হামহাম জলপ্রপাতের পথ অত্যন্ত পিচ্ছিল ও দুর্গম হয়ে পড়ে। তাই পর্যটকদের সতর্কতার সঙ্গে ভ্রমণ এবং প্রয়োজনে স্থানীয় গাইডের সহায়তা নেওয়া উচিত।