নাক টিপলে দুধ বের হয় পাটওয়ারীর, আবার প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে: এমপি শওকতুল
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকাবাসীর উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন মৌলভীবাজার-২ কুলাউড়া আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু।
কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি
প্রকাশ: ২৭ জুলাই ২০২৬ | ২০:০৬ | আপডেট: ২৭ জুলাই ২০২৬ | ২০:১০
বর্তমান সরকার উন্নয়নের ধারাবাহিকতা বজায় রেখে দেশকে এগিয়ে নিচ্ছে। সরকারের বিভিন্ন উন্নয়নমূলক প্রতিশ্রুতির বাস্তবায়ন চলমান রয়েছে বলে জানিয়েছেন মৌলভীবাজার-২ (কুলাউড়া) আসনের সংসদ সদস্য শওকতুল ইসলাম শকু। এ সময় তিনি এনসিপির নেতা নাসীরুদ্দীন পাটওয়ারীর সমালোচনা করেন। তিনি প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তির অভিযোগ তুলে পাটওয়ারীকে ‘বাটপার’ বলে আখ্যায়িত করেন এবং বলেন, নাক টিপ দিলে দুধ বের হয় পাটোয়ারীর, সে প্রধানমন্ত্রীকে নিয়ে কটূক্তি করে।
সোমবার বিকেলে ছৈদলবাজারে সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তেব্যে শওকতুল ইসলাম এসব কথা বলেন।
শওকতুল বলেন, গত চার মাসে কুলাউড়ায় যে পরিমাণ উন্নয়নমূলক কাজ হয়েছে, অতীতে কোনো সংসদ সদস্যের আমলে এত ব্যাপক উন্নয়ন হয়নি। এলাকার মানুষের বিভিন্ন দাবি ও সমস্যার কথা তিনি শুনেছেন এবং পর্যায়ক্রমে সেগুলোর বাস্তবায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে বলেও জানান।
কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের ছৈদলবাজার এলাকাবাসীর উদ্যোগে শওকতুল ইসলাম শকুকে সংবর্ধনা দেওয়া হয়।
পৃথিমপাশা ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও বীর মুক্তিযোদ্ধা আব্দুল গফুর সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন কুলাউড়া উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন বাচ্চু, সাবেক আহ্বায়ক রেদোয়ান খান, সহ-সভাপতি আব্দুল জলিল জামাল, সাংগঠনিক সম্পাদক আব্দুল মুক্তাদির মনু, পৃথিমপাশা ইউনিয়ন বিএনপির সভাপতি বুরহান উদ্দিন সিদ্দিকী ময়েজ, সাধারণ সম্পাদক আহমেদুর রহমান খান মুরাদ, সাংগঠনিক সম্পাদক রাসেল আহমদ, বিএনপি নেতা ফারুক আহমদ, কানাইটিকর পঞ্চায়েত কমিটির সভাপতি এমাদ উদ্দিন বাহার, সাবেক ওয়ার্ড বিএনপির সভাপতি হাসমত উল্লাহ, সৈয়দ মোশারফ আলী, আপ্তাব উদ্দিন, হাসান আলমসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
- বিষয় :
- সরকার
- উন্নয়ন
- নাসীরুদ্দীন পাটওয়ারী