রাজশাহী বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের মারধরের ঘটনা তদন্তে কমিটি
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর দপ্তর, রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগারে সোমবার দফায় দফায় সংঘর্ষ হয়
রাজশাহী বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৮ জুলাই ২০২৬ | ১৩:৫২ | আপডেট: ২৮ জুলাই ২০২৬ | ১৪:৩৯
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে (রাবি) প্রক্টর দপ্তর, রাকসু ভবন ও কেন্দ্রীয় গ্রন্থাগারে শিক্ষার্থীদের মারধরের ঘটনার প্রকৃত কারণ উদ্ঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের সুপারিশ করতে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। কমিটিকে ১০ কর্মদিবসের মধ্যে প্রতিবেদন জমা দিতে বলা হয়েছে। মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ দপ্তরের প্রশাসক অধ্যাপক ড. এস এম কামরুজ্জামান স্বাক্ষরিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
প্রাণ রসায়ন ও অণুপ্রাণ বিজ্ঞান বিভাগের অধ্যাপক ড. মো. রেজাউল করিমকে আহ্বায়ক করে গঠিত কমিটির অন্য সদস্যরা হলেন—ফার্মেসি বিভাগের অধ্যাপক ড. মো. গোলাম ছাদিক, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মো. আসাদুল হক, দর্শন বিভাগের অধ্যাপক ড. মো. আরিফুল ইসলাম এবং ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক ড. এ. নাঈম ফারুকী।
বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক ড. মামুনুর রশীদ বলেন, সোমবারের ঘটনার পর লাইব্রেরি ও অন্যান্য স্থাপনায় কোনো ধরনের ক্ষয়ক্ষতি হয়েছে কি না এবং ঘটনার প্রকৃত কারণ অনুসন্ধানে এই তদন্ত কমিটি গঠন করা হয়েছে। তদন্তের অংশ হিসেবে কমিটি কেন্দ্রীয় গ্রন্থাগার, রাকসু ভবন ও প্রক্টর দপ্তর পরিদর্শন করবে। পাশাপাশি ভিডিও ফুটেজ, আলোকচিত্রসহ প্রয়োজনীয় তথ্য-প্রমাণ সংগ্রহ করে তদন্ত কার্যক্রম পরিচালনা করবে। দুপুরে তদন্ত কমিটির সদস্যরা বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষ পরিদর্শন করেন।
উল্লেখ্য, সোমবার এক নারী শিক্ষার্থীর অভিযোগকে কেন্দ্র করে প্রক্টর দপ্তরে আলোচনার সময় এক শিক্ষার্থীকে ‘ছাত্রলীগ কর্ম ‘ আখ্যা দিয়ে মারধরের অভিযোগ ওঠে। পরে রাকসু ভবনে তিন শিক্ষার্থীর ওপর হামলার অভিযোগ ওঠে। এরই ধারাবাহিকতায় কেন্দ্রীয় গ্রন্থাগারের পাঠকক্ষে প্রবেশ করে ওই তিন শিক্ষার্থীসহ সেখানে অধ্যয়নরত শিক্ষার্থীদের মারধরের ঘটনা ঘটে। এ ঘটনায় ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়লে পরিস্থিতির প্রকৃত কারণ অনুসন্ধানে তদন্ত কমিটি গঠন করে বিশ্ববিদ্যালয় প্রশাসন।
- বিষয় :
- রাজশাহী বিশ্ববিদ্যালয়
- কমিটি গঠন