ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

সিরাজদীখানে দুই রিয়েল এস্টেটকে জরিমানা

সিরাজদীখানে দুই  রিয়েল এস্টেটকে  জরিমানা
×

সিরাজদীখানে গতকাল মঙ্গলবার রিয়েল এস্টেটের অবৈধ বিলবোর্ড অপসারণ করা হয় সমকাল

 সিরাজদীখান (মুন্সীগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ২৯ জুলাই ২০২৬ | ০৮:৩৯

| প্রিন্ট সংস্করণ

মুন্সীগঞ্জের সিরাজদীখান উপজেলায় অবৈধভাবে গড়ে ওঠা হাউজিং প্রকল্পের বিরুদ্ধে অভিযান চালিয়েছে প্রশাসন। এ সময় দুটি রিয়েল এস্টেট কোম্পানিকে দুই লাখ করে মোট চার লাখ টাকা জরিমানা এবং তিনটি কোম্পানির সাইনবোর্ড অপসারণ করা হয়। 

গতকাল মঙ্গলবার দুপুর ১২টা থেকে বিকেল ৫টা পর্যন্ত উপজেলার কেয়াইন ইউনিয়নের লক্ষ্মীবিলাস গ্রামে এই যৌথ অভিযান পরিচালনা করা হয়। ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সিরাজদীখান উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ। এ সময় উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিনথিয়া হোসেন, কানুনগো কামাল হোসেন ও সিরাজদীখান থানার পুলিশ উপস্থিত ছিলেন।
অভিযানে সিলভার গ্রীন সিটি হাউজিং প্রকল্প, নাভানা রিয়েল এস্টেট কোম্পানি ও প্রিন্স সিটির অবৈধ বিজ্ঞাপনের বিলবোর্ড অপসারণ করা হয়। একই সঙ্গে রিয়েল এস্টেট উন্নয়ন ও ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ২০ ধারায় সিলভার গ্রীন সিটি হাউজিং প্রকল্পকে দুই লাখ টাকা এবং নাভানা রিয়েল এস্টেট কোম্পানিকে দুই লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
অভিযান চলাকালে স্থানীয়রা অভিযোগ করেন, সিলভার গ্রীন সিটি কর্তৃপক্ষ দীর্ঘদিন ধরে সরকারি হালটে লোহার রেলিং স্থাপন করে গ্রামের মানুষের চলাচলের পথ বন্ধ করে রেখেছিল। এতে দৈনন্দিন চলাচলে দুর্ভোগে পড়তে হচ্ছিল এলাকাবাসীকে।
প্রশাসনের উদ্যোগে দীর্ঘদিন বন্ধ থাকা ওই সড়ক উন্মুক্ত করে দেওয়া হয়। এতে এলাকাবাসীর মাঝে স্বস্তি ফিরে এসেছে। তারা জানান, এখন থেকে নির্বিঘ্নে চলাচল করতে পারছেন।
সিরাজদীখানের ইউএনও ও নির্বাহী ম্যাজিস্ট্রেট রুম্পা ঘোষ বলেন, কোম্পানি তিনটি বিভিন্ন স্থানে বিলবোর্ড স্থাপন করেছিল। যেগুলোর কোনো অনুমোদন নেই। এ কারণে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাদের জরিমানা করা হয়েছে। 
এ বিষয়ে নাভানা রিয়েল এস্টেট কোম্পানির সোহেল আহমেদ নামে এক কর্মকর্তাকে একাধিকবার ফোন দিলেও তিনি রিসিভ করেননি। ফলে তাঁর বক্তব্য জানা সম্ভব হয়নি। বাকি দুই প্রতিষ্ঠানের কারও সঙ্গেও যোগাযোগ করা সম্ভব হয়নি।

আরও পড়ুন

×