প্রত্নতাত্ত্বিক স্থাপনা সংরক্ষণ সরকারের অগ্রাধিকার
বালিয়াটি জমিদার বাড়ি পরিদর্শনে গতকাল শুক্রবার বিমানমন্ত্রী আফরোজা খানম রিতা সমকাল
সাটুরিয়া (মানিকগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ০১ আগস্ট ২০২৬ | ০৮:৪৪
| প্রিন্ট সংস্করণ
বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী আফরোজা খানম রিতা বলেছেন, দেশের ঐতিহাসিক ও প্রত্নতাত্ত্বিক স্থাপনাগুলো সংরক্ষণ এবং পর্যটনবান্ধব পরিবেশ গড়ে তোলা সরকারের অগ্রাধিকার।
মানিকগঞ্জের সাটুরিয়ার বালিয়াটি জমিদার বাড়ির বিদ্যমান সমস্যা দ্রুত চিহ্নিত করে প্রয়োজনীয় সংস্কার ও উন্নয়নের উদ্যোগ নেওয়ার আশ্বাস দেন তিনি।
গতকাল শুক্রবার সন্ধ্যার দিকে বিখ্যাত জমিদার বাড়িটি আকস্মিকভাবে পরিদর্শন করেন মন্ত্রী। পরিদর্শনকালে তিনি জমিদার বাড়ির বিভিন্ন ভবন, প্রত্নতাত্ত্বিক স্থাপনা ও দর্শনার্থীদের জন্য বিদ্যমান সুযোগ-সুবিধা ঘুরে দেখেন।
এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের থেকে স্থাপনাটির বর্তমান অবস্থা, রক্ষণাবেক্ষণ, নিরাপত্তা ব্যবস্থা এবং পর্যটকদের বিভিন্ন সমস্যা সম্পর্কে খোঁজখবর নেন।
তিনি দর্শনার্থীদের সঙ্গেও কথা বলেন। পাশাপাশি দর্শনার্থীদের জন্য আরও উন্নত সুযোগ-সুবিধা নিশ্চিত করার বিষয়েও সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা দেন।
জমিদার বাড়ির সামনে পর্যটন মন্ত্রণালয়ের ৭৫ লাখ টাকা ব্যয়ে নির্মিত ওয়াকয়ে সম্প্রতি বৃষ্টিতে ভেঙে গেছে, তা দ্রুত সংস্কার করার জন্য সাটুরিয়ার ইউএনওকে নির্দেশ দেন মন্ত্রী।
মন্ত্রীর পরিদর্শনকালে উপস্থিত ছিলেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের পরিচালনা পর্ষদের পরিচালক মহিউদ্দিন হেলাল, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সংস্কৃতিবিষয়ক মন্ত্রণালয়ের প্রত্নতত্ত্ব অধিদপ্তরের বালিয়াটি প্রাসাদ জাদুঘরের সহকারী কাস্টডিয়ান নিয়াজ মাখদুম, মানিকগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য অ্যাডভোকেট আওয়াল, সাটুরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সম্পাদক আব্দুর রহমান, সাবেক সাংগঠনিক সম্পাদক শাহীন আযাদ বিল্পব, ছাত্রদলের আহ্বায়ক মোহাম্মদ আমীর হামজা, সদস্য সচিব মো. ফরিদ হোসেন, কৃষক দলের সভাপতি বরকত মল্লিক, স্বেচ্ছাসেবক দলের সভাপতি মহসিন উজ্জামানসহ স্থানীয় নেতাকর্মীরা।
স্থানীয়রা ও আগত পর্যটকরা মন্ত্রীর এ আকস্মিক পরিদর্শনকে স্বাগত জানান। তারা বলেন, বালিয়াটি জমিদার বাড়ির যথাযথ সংস্কার ও আধুনিক সুযোগ-সুবিধা নিশ্চিত করা হলে দেশি-বিদেশি পর্যটকদের আগমন আরও বৃদ্ধি পাবে এবং এলাকার পর্যটন শিল্পের বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এ সময় পর্যটকদের মন্ত্রীর সঙ্গে ছবি তুলতেও দেখা যায়।
- বিষয় :
- পরিদর্শন