ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

বিকেএসপির নতুন শাখার জন্য হালুয়াঘাট-ধোবাউড়ায় স্থান পরিদর্শন

বিকেএসপির নতুন শাখার জন্য হালুয়াঘাট-ধোবাউড়ায় স্থান পরিদর্শন
×

হালুয়াঘাট (ময়মনসিংহ) প্রতিনিধি

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ০২:১৪

ময়মনসিংহ বিভাগে বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি) স্থাপনের উদ্যোগের অংশ হিসেবে হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার কয়েকটি সম্ভাব্য স্থান পরিদর্শন করেছেন যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সচিব মো. মাহবুব-উল-আলম। তিনি বলেছেন, সম্ভাব্য স্থানগুলো যাচাই-বাছাই করে দ্রুত উপযুক্ত স্থান নির্বাচন করা হবে।

বৃহস্পতিবার দিনব্যাপী সরেজমিন পরিদর্শন শেষে স্থানীয় সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সচিব এসব কথা বলেন।

মো. মাহবুব-উল-আলম বলেন, ময়মনসিংহ বিভাগে বিকেএসপির কার্যক্রম চালুর মাধ্যমে এ অঞ্চলের ক্রীড়ার মানোন্নয়ন এবং তৃণমূল থেকে প্রতিভাবান ক্রীড়াবিদ গড়ে তোলার পরিকল্পনা রয়েছে সরকারের। সম্ভাব্য স্থান নির্বাচন শেষে প্রয়োজনীয় কার্যক্রম এগিয়ে নেওয়া হবে।

পরিদর্শনে সচিবের সঙ্গে ছিলেন বিকেএসপির পরিচালক (সাধারণ) ব্রিগেডিয়ার জেনারেল মোহাম্মদ সাইফ উল্লাহ, পরিচালক (প্রশিক্ষণ) কর্নেল মো. গোলাম মাবুদ হাসান (পিএসসি) এবং হালুয়াঘাট–ধোবাউড়া আসনের সংসদ সদস্য মোহাম্মদ সালমান ওমর রুবেল।

প্রতিনিধি দলটি হালুয়াঘাট ও ধোবাউড়ার বিভিন্ন এলাকা ঘুরে সম্ভাব্য স্থানগুলোর পরিবেশ, যোগাযোগব্যবস্থা, অবকাঠামোগত সুযোগ-সুবিধা, ক্রীড়া প্রশিক্ষণের উপযোগিতা এবং অন্যান্য বিষয় পর্যালোচনা করে। এ সময় সংশ্লিষ্ট ব্যক্তিদের সঙ্গে মতবিনিময়ও করেন তারা।

বিকেলে প্রতিনিধি দলটি ধোবাউড়ার কলসিন্দুর সরকারি উচ্চবিদ্যালয় ও কলেজ পরিদর্শন করে। সেখানে নারী ফুটবলার ও অন্যান্য শিক্ষার্থীদের সঙ্গে কথা বলেন তারা। শিক্ষার্থীদের বিভিন্ন সুযোগ-সুবিধা ও সমস্যার কথাও শোনেন।

ময়মনসিংহ বিভাগে বিকেএসপির শাখা স্থাপনের উদ্যোগ স্থানীয় ক্রীড়াঙ্গনে আশাবাদ তৈরি করেছে। স্থানীয়দের প্রত্যাশা, এটি বাস্তবায়িত হলে এ অঞ্চলের তরুণ ক্রীড়াবিদেরা আধুনিক প্রশিক্ষণের সুযোগ পাবেন এবং জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতার জন্য আরও দক্ষ খেলোয়াড় তৈরি হবে।

আরও পড়ুন

×