ঢাকা শুক্রবার, ০৪ সেপ্টেম্বর ২০২৬

মিছিলে যাওয়ার পথে ছাত্রদলের তিন কর্মীকে মারধর-ছুরিকাঘাত

মিছিলে যাওয়ার পথে ছাত্রদলের তিন কর্মীকে মারধর-ছুরিকাঘাত
×

ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ০৭ আগস্ট ২০২৬ | ২০:৫৫

ময়মনসিংহের ধোবাউড়ায় দলীয় মিছিলে যাওয়ার পথে তিন ছাত্রদল কর্মীকে মারধর ও ছুরিকাঘাত করা হয়েছে। গত বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে পশ্চিম বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে এই ঘটনা ঘটে। এই ঘটনায় জড়িত সন্দেহে দুজনকে আটক করেছে পুলিশ। হামলায় আহতরা হলেন- পশ্চিম বালিগাঁও গ্রামের ইমন মিয়া, সাদমিন মিয়া ও কবিরুল ইসলাম।

জানা গেছে, একদল ছাত্রদল কর্মী অটোরিকশায় করে মিছিলে যোগ দিতে ধোবাউড়া সদরের দিকে যাচ্ছিলেন। অটোরিকশাটি পশ্চিম বালিগাঁও সরকারি প্রাথমিক বিদ্যালয়ের কাছে পৌঁছালে রাতুল, জাহেদুল, টিটু, উষা ও সোহাগসহ কয়েকজন গতি রোধ করেন। তারা ছাত্রদল কর্মীদের অটোরিকশা থেকে টেনেহিঁচড়ে নামিয়ে মারধর করতে থাকেন। একপর্যায়ে সোহাগ নামে এক হামলাকারী ধারালো চাকু দিয়ে ইমন মিয়ার পেটে আঘাত করেন। তাঁকে বাঁচাতে এগিয়ে এলে সাদমিন ও কবিরুলকেও মারধর ও ছুরিকাঘাত করা হয়। পরে স্থানীয়রা রক্তাক্ত অবস্থায় তাদের উদ্ধার করে ধোবাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে ইমন ও সাদমিনের শারীরিক অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। কবিরুল ইসলাম স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন।

ঘটনার খবর পেয়ে হাসপাতালে আহতদের দেখতে যান বিএনপির যুগ্ম-মহাসচিব ও ময়মনসিংহ জেলা পরিষদের প্রশাসক সৈয়দ এমরান সালেহ প্রিন্স। তিনি চিকিৎসার খোঁজখবর নেন এবং ঘটনার নিন্দা জানান।

ধোবাউড়া থানার উপপরিদর্শক (এসআই) শাকিব হাসান বিষয়টি নিশ্চিত করে জানান, ঘটনার খবর পেয়েই পুলিশ অভিযানে নেমে দুজনকে আটক করেছে। আহতদের পরিবারের পক্ষ থেকে লিখিত অভিযোগ পাওয়া গেছে। বিষয়টি তদন্ত করে ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও পড়ুন

×