ঢাকা শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬

তিন ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ল সড়কে

তিন ট্রান্সফরমারসহ বৈদ্যুতিক খুঁটি ভেঙে পড়ল সড়কে
×

আড়াইহাজার উপজেলার গোপালদী বাজারে ট্রান্সফরমারের ভারে ভেঙে পড়া বৈদ্যুতিক খুঁটি সমকাল

 আড়াইহাজার (নারায়ণগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৯ আগস্ট ২০২৬ | ০৮:৫১

| প্রিন্ট সংস্করণ

আড়াইহাজারের গোপালদী বাজারে একটি পুরোনো বৈদ্যুতিক খুঁটি ভেঙে সড়কে পড়ে। খুঁটিতে ছিল তিনটি ট্রান্সফরমার। ট্রান্সফরমারসহ ‍খুঁটিটি মাটিতে পড়ে যাওয়ায় বিচ্ছিন্ন হয়ে যায় বিদ্যুৎ সংযোগ।
গতকাল শনিবার ভোর ৫টার দিকে বাজারের ‘বধূ সাজ জুয়েলার্সের’ সামনে এই ঘটনা ঘটে। ঘটনার সময় বাজারে লোকজনের উপস্থিতি কম থাকায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি। নতুন খুঁটি স্থাপন করে রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ লাইন সচল করা হয়।

স্থানীয় দোকানিরা জানান, ভোরের দিকে বাজার ও আশপাশের সড়কে লোকজনের চলাচল কম থাকায় বড় ধরনের দুর্ঘটনা এড়ানো সম্ভব হয়েছে। বিদ্যুৎ না থাকায় দিনভর অন্তত ২০০ গ্রাহক ভোগান্তির শিকার হয়েছেন।

ব্যবসায়ী দোলোয়ার হোসেন বলেন, হঠাৎ করে বিদ্যুতের বড় একটি খুঁটি ভেঙে পড়ার সঙ্গে সঙ্গে খুঁটির সঙ্গে থাকা তিনটি ট্রান্সফরমারও মাটিতে পড়ে যায়। এতে এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে।
ব্যবসায়ী মজিবুর রহমান জানান, সংযোগ বিচ্ছিন্ন হয়ে যাওয়ায় এলাকায় সারাদিন বিদ্যুৎ ছিল না। ফলে স্থানীয়দের মধ্যে উদ্বেগ দেখা দেয়। ভোগান্তির শিকার হয়েছেন এলাকাবাসী।
খবর পেয়ে ঘটনাস্থলে ছুটে আসেন নারায়ণগঞ্জ পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর গোপালদী জোনাল অফিসের ডেপুটি জেনারেল ম্যানেজার আশরাফুল আলম। তিনি বলেন, ভেঙে পড়া খুঁটিটি কাঠের তৈরি এবং অনেক পুরোনো ছিল। এর ওপর ২৫ কেভিএ ক্ষমতার তিনটি ট্রান্সফরমার বসানো ছিল। মোট ৭৫ কেভিএ ওজনের ভার বহন করতে না পেরে খুঁটিটি মাঝখান থেকে ভেঙে পড়ে। গতকাল রাতে তিনি জানান, দুর্ঘটনায় ক্ষতিগ্রস্ত খুঁটির পরিবর্তে নতুন খুঁটি স্থাপন করা হয়েছে। রাত সাড়ে ৮টার দিকে বিদ্যুৎ লাইন সচল হয়েছে।
 

আরও পড়ুন

×