মেঘনার ঘূর্ণিস্রোতে সাড়ে ৪ হাজার বস্তা সিমেন্টসহ ট্রলারডুবি
ডুবে যাওয়া ট্রলার
চাঁদপুর প্রতিনিধি
প্রকাশ: ১০ আগস্ট ২০২৬ | ২২:৪৪
চাঁদপুর নদীবন্দরের প্রবেশমুখে মেঘনা নদীর তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে ৪ হাজার ৪০০ বস্তা সিমেন্টসহ একটি ট্রলার ডুবে গেছে। সোমবার দুপুরে বড় স্টেশন মোলহেডসংলগ্ন এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এতে প্রায় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে দাবি করেছেন ট্রলারটির মালিক।
তবে দুর্ঘটনার পর আশপাশের নৌযানের মাঝিরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে ট্রলারে থাকা চারজনকে অক্ষত অবস্থায় উদ্ধার করেন। ডুবে যাওয়া ট্রলারটির নাম ‘এইচ এম পরিবহন’। এর সুকানি ছিলেন আইয়ুব আলী।
স্থানীয় ও প্রত্যক্ষদর্শীরা জানান, সোমবার সকালে নারায়ণগঞ্জ থেকে ৪ হাজার ৪০০ বস্তা শাহ সিমেন্ট নিয়ে চাঁদপুরের উদ্দেশে রওনা হয় ট্রলারটি। দুপুর ১২টার দিকে চাঁদপুর নদীবন্দরে প্রবেশের মুখে বড় স্টেশন মোলহেডসংলগ্ন মেঘনা নদীতে তীব্র ঘূর্ণিস্রোতের কবলে পড়ে। এ সময় নিয়ন্ত্রণ হারিয়ে ট্রলারটি ডুবে যায়।
দুর্ঘটনার পরপরই আশপাশে থাকা নৌকার মাঝিরা এগিয়ে এসে সুকানিসহ ট্রলারের চার আরোহীকে উদ্ধার করেন। খবর পেয়ে চাঁদপুর থানা পুলিশের একটি দল ঘটনাস্থল পরিদর্শন করে।
চাঁদপুর জেলা সিমেন্টবাহী ট্রলার ও বাল্কহেড মালিক সমিতির সভাপতি আকবর হোসেন মাতব্বর ও সাধারণ সম্পাদক মাজারুল ইসলাম দাদন বলেন, কোম্পানির সিমেন্টের ক্ষয়ক্ষতির হিসাব করা সম্ভব হলেও ট্রলারটি মালিক হানিফ বেপারীর একমাত্র সম্বল ছিল। ট্রলারটি নদীতে ডুবে যাওয়ায় তিনি নিঃস্ব হয়ে পড়েছেন। এ ক্ষতি কাটিয়ে উঠতে সরকার ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি সহায়তা প্রয়োজন।
চাঁদপুর নৌ পুলিশের ওসি আজমগীর হোসেন বলেন, সিমেন্টবোঝাই ট্রলারটি নদীর অনেক গভীরে ডুবে গেছে। এখন পর্যন্ত এর কোনো সন্ধান পাওয়া যায়নি। ট্রলারটি উদ্ধারে বা খুঁজে বের করার জন্য এখনও কোনো ব্যবস্থা নেওয়া হয়নি। মালিক পক্ষকেও এ বিষয়ে চেষ্টা করতে হবে।
তিনি বলেন, ‘এখানে নদীর গভীরতা বেশি, স্রোতও প্রচণ্ড। বিশাল জলরাশির মধ্যে ট্রলারটি খুঁজে বের করা কঠিন। তারপরও চেষ্টা করতে হবে।’
স্থানীয়রা জানান, চাঁদপুর বড় স্টেশন ত্রিনদীর (পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া) মোহনা মোলহেডসংলগ্ন এলাকা দীর্ঘদিন ধরে নৌযান চলাচলের জন্য ঝুঁকিপূর্ণ। অতীতে এ এলাকায় একাধিক যাত্রীবাহী লঞ্চ দুর্ঘটনার কবলে পড়েছে। ঝুঁকির কারণে প্রায় দুই দশক আগে লঞ্চঘাট মেঘনার মাদরাসা ঘাট এলাকায় সরিয়ে নেওয়া হয়।
তবে তীব্র ঘূর্ণিস্রোত ও অপরিকল্পিত নৌ-চ্যানেলের কারণে মোলহেডসংলগ্ন এলাকায় প্রায়ই মালবাহী নৌযান দুর্ঘটনার শিকার হচ্ছে। এতে চাঁদপুরের অন্যতম বড় ব্যবসাকেন্দ্র পুরানবাজারের ব্যবসায়ী ও নৌযান মালিকদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে।
- বিষয় :
- চাঁদপুর
- মেঘনায় ট্রলারডুবি