ঢাকা বুধবার, ১২ আগস্ট ২০২৬

গাছের মগডালে উঠে অচেতন নারী, উদ্ধার করল ফায়ার সার্ভিস

গাছের মগডালে উঠে অচেতন নারী, উদ্ধার করল ফায়ার সার্ভিস
×

২০ থেকে ২৫ মিনিটের উদ্ধার অভিযানে গাছের মগডাল থেকে অচেতন অবস্থায় ওই নারীকে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের সদস্যরা। ছবি: সমকাল

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৭:০০

কুড়িগ্রামের ফুলবাড়ীতে বাড়ির আঙিনার একটি আমগাছের মগডালে উঠে অচেতন হয়ে পড়েন মোছা. বৃষ্টি আক্তার (২১) নামে এক গৃহবধূ। তাকে গাছের উঁচু ডালে অচেতন অবস্থায় দেখতে পেয়ে স্থানীয়রা উদ্ধারের চেষ্টা করার পর ব্যর্থ হন। পরে খবর পেয়ে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে তাকে উদ্ধার করে।

সোমবার রাতে উপজেলার বড়ভিটা ইউনিয়নের জেলেপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। খবরটি ছড়িয়ে পড়লে ঘটনাস্থলে উৎসুক মানুষের ভিড় জমে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

উদ্ধার হওয়া বৃষ্টি আক্তার জেলেপাড়ার মো. জিলহানির স্ত্রী।

স্থানীয়রা জানান, সোমবার রাতে বাড়ির আঙিনার আমগাছের মগডালে গৃহবধূ বৃষ্টি আক্তারকে অচেতন অবস্থায় দেখেন। খবরটি এলাকায় ছড়িয়ে পড়লে সেখান থেকে তাকে নামানোর চেষ্টা করেন স্থানীয়রা। ব্যর্থ হলে ফুলবাড়ী ফায়ার সার্ভিসে খবর দেন তারা।

খবর পেয়ে রাত ৮টার দিকে ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের একটি দল ঘটনাস্থলে পৌঁছে উদ্ধার অভিযান শুরু করে। পরে গাছের মগডাল থেকে অচেতন অবস্থায় বৃষ্টিকে নিরাপদে নিচে নামিয়ে আনেন ফায়ার সার্ভিসের কর্মীরা। কিছুক্ষণ পর তার জ্ঞান ফেরে।
 
স্থানীয় রনীকান্ত চন্দ্র রায় ও আবুল হোসেন জানান, ঘটনার কথা শুনে তারা দ্রুত ওই বাড়িতে ছুটে যান। পরে ফায়ার সার্ভিসের কর্মীরা এসে গাছের মগডাল থেকে অচেতন অবস্থায় ওই গৃহবধূকে উদ্ধার করেন। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরে আসে। তবে ‘জিন-পরীর’ প্রভাব পড়েছে বলে মনে হয়। 

ফুলবাড়ী ফায়ার সার্ভিস ও সিভিল স্টেশনের ফায়ার লিডার আবুল হাসান জানান, খবর পেয়ে রাত ৮টার দিকে তারা ঘটনাস্থলে পৌঁছান। এরপর প্রায় ২০ থেকে ২৫ মিনিটের উদ্ধার অভিযানে গাছের মগডাল থেকে অচেতন অবস্থায় ওই নারীকে নিরাপদে নিচে নামিয়ে আনা হয়। কিছুক্ষণ পর তার জ্ঞান ফিরলে তাকে পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন

×