বিদ্যুতের খুঁটি থেকে লাফিয়ে খালে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে শিক্ষার্থীর মৃত্যু
আব্দুল্লাহ মিয়া (১১)
ভৈরব (কিশোরগঞ্জ) সংবাদদাতা
প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৭:৪৯
কিশোরগঞ্জের ভৈরবে বিদ্যুতের খুঁটি থেকে লাফিয়ে খালে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে আব্দুল্লাহ মিয়া (১১) নামের এক স্কুলশিক্ষার্থীর মৃত্যু হয়েছে। গতকাল মঙ্গলবার দুপুরে উপজেলার শ্রীনগর ইউনিয়নের বধূনগর গ্রামের একটি খালে এ ঘটনা ঘটে।
নিখোঁজ হওয়ার প্রায় পাঁচ ঘণ্টা পর রাত সাড়ে ৭টার দিকে তার মরদেহ উদ্ধার করে ফায়ার সার্ভিস।
নিহত আব্দুল্লাহ মিয়া বধূনগর গ্রামের প্রবাসী নজরুল মিয়ার ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের ষষ্ঠ শ্রেণির শিক্ষার্থী ছিল।
ভৈরব বাজার ফায়ার সার্ভিসের উদ্ধারকর্মীদের টিম লিডার তোফাজ্জল হোসেন বলেন, খবর পেয়ে তাঁরা ঘটনাস্থলে গিয়ে প্রায় আড়াই ঘণ্টা চেষ্টা চালিয়ে রাত ৭টা ২০ মিনিটের দিকে খাল থেকে আব্দুল্লাহর মরদেহ উদ্ধার করেন। পরে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয় বাসিন্দা ও পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল দুপুর দুইটার দিকে আব্দুল্লাহসহ চারজন সহপাঠী বাড়ির পাশে বধূনগর খালে গোসল করতে যায়। তারা খালের পাশে থাকা বিদ্যুতের খুঁটি থেকে লাফিয়ে পানিতে নামছিল। ওই সময় খুঁটিতে বিদ্যুৎ সংযোগ ছিল না। হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হলে আব্দুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে পড়ে যায়। অপর তিনজনও বিদ্যুতের শক অনুভব করলেও তারা পানিতে তলিয়ে যায়নি।
আব্দুল্লাহর আত্মীয় মাসুম মিয়া বলেন, ঘটনার সময় বিদ্যুৎ বিভাগের লোকজন সেখানে মেরামতের কাজ করছিলেন। কাজের জন্য বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন রাখা হয়েছিল। হঠাৎ বিদ্যুৎ সংযোগ চালু হলে চারজনই বিদ্যুতের উপস্থিতি অনুভব করে। তিনজন সাঁতরে উঠতে পারলেও আব্দুল্লাহ বিদ্যুৎস্পৃষ্ট হয়ে পানিতে তলিয়ে যায়।
তিনি বলেন, আব্দুল্লাহ পরিবারের ছোট ছেলে। তার বড় ভাই ও বোন রয়েছে। তার বাবা ও বড় ভাই সৌদি আরবে থাকেন।
নিহতের বোনজামাই রাজু মিয়া অভিযোগ করে বলেন, বিদ্যুৎ বিভাগের গাফিলতির কারণেই আব্দুল্লাহর মৃত্যু হয়েছে। বিদ্যুতের কাজ করার পর খুঁটিতে কীভাবে আবার সংযোগ দেওয়া হলো, তা খতিয়ে দেখা দরকার।
ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, পানিতে পড়ে শিশুর মৃত্যুর বিষয়টি জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠিয়ে খোঁজ নেওয়ার ব্যবস্থা করছি।
- বিষয় :
- কিশোরগঞ্জ
- বিদ্যুৎস্পৃষ্ট হয়ে নিহত