ঢাকা বৃহস্পতিবার, ১৩ আগস্ট ২০২৬

কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

কলমাকান্দায় পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু
×

প্রতীকী ছবি

কলমাকান্দা (নেত্রকোনা) প্রতিনিধি

প্রকাশ: ১২ আগস্ট ২০২৬ | ১৮:০৭

নেত্রকোনার কলমাকান্দায় পৃথক স্থানে পানিতে ডুবে এক বছর ও ১৮ মাস বয়সী দুই শিশুর মৃত্যু হয়েছে। বুধবার উপজেলার রংছাতী ও পোগলা ইউনিয়নে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, উপজেলার রংছাতী ইউনিয়নের কালাইকান্দি গ্রামে বাড়ির পাশের পুকুরের পানিতে ডুবে এক বছর বয়সী শিশু মুয়াজের মৃত্যু হয়েছে।

বুধবার দুপুরে শিশুটি পুকুরের পানিতে পড়ে যায়। পরে স্বজনরা তাকে উদ্ধার করে দ্রুত কলমাকান্দা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে জরুরি বিভাগে কর্তব্যরত চিকিৎসক ডা. হাসিবুল হাসান তাকে মৃত ঘোষণা করেন।

নিহত মুয়াজ কালাইকান্দি গ্রামের রাজিব মিয়ার একমাত্র ছেলে। সন্তানকে হারিয়ে পরিবারে নেমে এসেছে শোকের ছায়া। স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পরিবেশ।

অন্যদিকে, উপজেলার পোগলা ইউনিয়নের শুনই গ্রামে বাড়ির চারপাশে জমে থাকা বর্ষার পানিতে ডুবে ১৮ মাস বয়সী শিশু তাসকিন তারেকের মৃত্যু হয়েছে। সে ওই গ্রামের টিটু মণ্ডলের ছেলে।

একই দিনে পৃথক দুটি ঘটনায় দুই শিশুর মর্মান্তিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। বর্ষার মৌসুমে বাড়ির আশপাশে জমে থাকা পানি, পুকুর ও জলাশয়ের কাছে শিশুদের নিরাপত্তার বিষয়ে আরও সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন স্থানীয়রা।

এ বিষয়ে কলমাকান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোস্তাফিজুর রহমান দুই শিশুর মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, খবর পেয়ে হাসপাতাল ও ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পরবর্তী আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন

×