ঢাকা শুক্রবার, ১৪ আগস্ট ২০২৬

পদ্মফুলে ছেয়ে গেছে উল্লাপাড়ার সোনাকান্ত বিল, মুগ্ধ দর্শনার্থীরা

পদ্মফুলে ছেয়ে গেছে উল্লাপাড়ার সোনাকান্ত বিল, মুগ্ধ দর্শনার্থীরা
×

ছবি: সমকাল

উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ১৪ আগস্ট ২০২৬ | ১২:৩৯

সিরাজগঞ্জের উল্লাপাড়ার সোনাকান্ত বিলে দুই বছর পর আবারও ফুটেছে অসংখ্য পদ্মফুল। গোলাপি ও লাল পদ্মে ছেয়ে গেছে পুরো বিল। প্রতিদিনই মনোমুগ্ধকর এই দৃশ্য দেখতে বিলপাড়ে ভিড় করছেন দর্শনার্থী ও পদ্মপ্রেমীরা।

উপজেলার হাটিকুমরুল ইউনিয়নের আমডাঙ্গা গ্রামের পাশে সোনাকান্ত বিলের অবস্থান। ব্যক্তিমালিকানাধীন প্রায় ৪০ থেকে ৪৫ বিঘা নিচু জমি বর্ষায় বিলে রূপ নেয়। এসব জমিতে বছরে একবার ইরি-বোরো ধানের চাষ হয়। বছরের বাকি সময় জমিগুলো পানিতে ডুবে থাকে। বিলের জমির মালিক সড়াতৈল, আমডাঙ্গা, অলিপুর ও বাগদা গ্রামের বাসিন্দারা।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, ২০২২ সালে এই বিলে কিছু পদ্মফুল ফুটেছিল। তবে এবারের মতো এত বেশি ফুল তখন দেখা যায়নি। ২০২৩ সালে বন্যা না হওয়ায় পদ্মফুলও তেমন ফুটেনি। এবার বন্যা না হলেও প্রচুর বৃষ্টির কারণে বিলটি পানিতে পূর্ণ হয়ে যাওয়ায় ব্যাপকভাবে পদ্মফুল ফুটেছে।

সড়াতৈল মুসলিম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান তালুকদার বলেন, প্রথমদিকে এ বিলে দু-একটি পদ্মগাছ প্রাকৃতিকভাবে জন্ম নেয়। পরে ধীরে ধীরে পুরো বিলে ছড়িয়ে পড়ে। প্রায় ২০১৪ সাল থেকে সোনাকান্ত বিলে প্রচুর পদ্মফুল ফুটতে শুরু করে। যে বছর বন্যা কম হয়, সে বছর ফুলও কম ফোটে। এবার প্রচুর বৃষ্টির কারণে বিলে পানি জমায় পদ্মফুলের সমারোহ হয়েছে।

তিনি আরও বলেন, পদ্মফুল দেখতে প্রতিদিনই মানুষ আসছেন। তবে অলিপুর-সড়াতৈল আঞ্চলিক সড়ক থেকে বিলটির দূরত্ব আধা কিলোমিটারের কিছু বেশি হলেও সেখানে যাওয়ার ভালো রাস্তা নেই। আলপথ দিয়ে বিলপাড়ে যেতে হয়। বৃষ্টির দিনে এ কারণে দর্শনার্থীদের ভোগান্তিতে পড়তে হয়।

পদ্মফুল দেখতে আসা সুমাইয়া খাতুন বলেন, চারদিকে সারি সারি গোলাপি ও লাল পদ্মফুল এবং পানির ওপর ভাসমান সবুজ পাতার দৃশ্য সত্যিই মনোমুগ্ধকর। এখানে এসে মনে হচ্ছে শহরের কোলাহল থেকে দূরে অন্য এক সুন্দর পরিবেশে এসেছি। তবে ভালো রাস্তা না থাকায় যাতায়াতে সমস্যা হচ্ছে।

বিলের ভূমির মালিক বাগদা গ্রামের রফিকুল ইসলাম ও আমডাঙ্গা গ্রামের আব্দুস সাত্তার বলেন, প্রায় এক যুগ ধরে বর্ষা মৌসুমে এ বিলে পদ্মফুল ফুটছে। পুরো বিলজুড়ে সারি সারি পদ্মফুল ফুটলে এর সৌন্দর্য অন্যরকম হয়ে ওঠে। পানির ওপর ভাসমান পদ্মপাতাগুলো দূর থেকে সবুজ গালিচার মতো দেখায়।

উল্লাপাড়া উপজেলা কৃষি কর্মকর্তা সুবর্ণা ইয়াসমিন সুমী বলেন, পদ্ম একটি জলজ উদ্ভিদ। পাখির মাধ্যমে পদ্মের বীজ বিভিন্ন জায়গায় ছড়িয়ে পড়ে। পরে সেসব বীজ থেকে গাছ জন্ম নিয়ে ধীরে ধীরে বিস্তৃত হয়। সোনাকান্ত বিলে দীর্ঘদিন পর এবার প্রচুর পদ্মফুল ফুটেছে। আমি নিজেও বিলটি পরিদর্শন করেছি। প্রচুর দর্শনার্থী বর্তমানে সোনাকান্ত বিলে যাচ্ছেন। সাময়িক সময়ের জন্য হলেও পদ্মফুলে সাজা সোনাকান্ত বিল এখন এ অঞ্চলের মানুষের জন্য একটি নান্দনিক দর্শনীয় স্থানে পরিণত হয়েছে।

আরও পড়ুন

×