মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে বাসচাপায় তৃতীয় শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু
প্রতীকী ছবি
ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি
প্রকাশ: ১৮ আগস্ট ২০২৬ | ১১:৪০
দিনাজপুরের ফুলবাড়ীতে মায়ের হাত ধরে স্কুলে যাওয়ার পথে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে শিপা মনি (৯) নামে তৃতীয় শ্রেণির এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার সকালে পৌর শহরের বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বিক্ষুব্ধ স্থানীয়রা দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক প্রায় এক ঘণ্টা অবরোধ করে রাখেন।
নিহত শিপা মনি ফুলবাড়ী পৌর এলাকার উত্তর সুজাপুর গ্রামের ইসতামুল হকের মেয়ে। সে পৌর শহরের নর্থ পয়েন্ট স্কুলের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী। তার মা রিক্তা পারভিন ওই বিদ্যালয়ে আয়া হিসেবে কর্মরত।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার সকাল পৌনে ৮টার দিকে মায়ের সঙ্গে স্কুলে যাচ্ছিল শিপা। বাসস্ট্যান্ড-বটতলী এলাকায় সড়ক পার হওয়ার সময় দিনাজপুর থেকে বিরামপুরগামী দ্রুতগতির একটি যাত্রীবাহী বাস তাকে চাপা দেয়। বাসটির নম্বর শাহী ঢাকা মেট্রো-ব-১২-৩৩১৫। দুর্ঘটনার পর বাসটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করে।
পরে স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় শিপাকে উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
সকাল ৯টা থেকে ১০টা পর্যন্ত বিক্ষুব্ধ জনতা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের সামনে দিনাজপুর-ঢাকা আঞ্চলিক মহাসড়ক অবরোধ করে রাখেন। এতে মহাসড়কের উভয় পাশে শত শত যানবাহন আটকা পড়ে এবং যান চলাচল ব্যাহত হয়।
পরে সকাল ১০টার দিকে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আহম্মেদ হাসান ঘটনাস্থলে গিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন। এরপর স্থানীয়রা অবরোধ প্রত্যাহার করে নেন।
ফুলবাড়ী থানার পরিদর্শক (তদন্ত) ফেরদৌস আলম বলেন, দুর্ঘটনার সঙ্গে জড়িত বাসটি আটক করে থানায় রাখা হয়েছে। তবে বাসটির চালক ও সহকারী পালিয়ে গেছেন। সুরতহাল শেষে শিপার মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।