ট্রাকের সঙ্গে সংঘর্ষে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে যাত্রীবাহী বাস, আহত ১৫
ছবি- সমকাল
ফরিদপুর অফিস
প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২১ | আপডেট: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:০৪
ফরিদপুরের নগরকান্দায় যাত্রীবাহী বাস ও ট্রাকের মুখোমুখি সংঘর্ষে অন্তত ১৫ জন আহত হয়েছেন। সংঘর্ষের পর নিয়ন্ত্রণ হারিয়ে যাত্রীবাহী বাসটি সড়কের পাশের পুকুরে পড়ে যায়।
বুধবার সকালে ঢাকা-বরিশাল মহাসড়কের নগরকান্দা উপজেলার ডাঙ্গী ইউনিয়নের ভবুকদিয়া বাসস্ট্যান্ড এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, সকালে ফরিদপুরের দিক থেকে আসা জে.আর পরিবহনের একটি যাত্রীবাহী বাসের সঙ্গে ভাঙ্গার দিক থেকে আসা একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে নিয়ন্ত্রণ হারিয়ে বাসটি মহাসড়কের পাশের পুকুরে পড়ে যায়। সংঘর্ষের তীব্রতায় ট্রাকটিও মহাসড়কের ওপর উল্টে যায়।
দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত উদ্ধারকাজে এগিয়ে আসেন। তারা বাসে থাকা যাত্রীদের উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান।
দুর্ঘটনার কারণে ঢাকা-বরিশাল মহাসড়কের ওই অংশে কিছু সময় যানবাহন চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও স্থানীয়দের সহায়তায় দুর্ঘটনাকবলিত যানবাহন সরানোর কাজ শুরু হলে যান চলাচল স্বাভাবিক হয়।
ভাঙ্গা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হেলাল উদ্দিন বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে উদ্ধারকাজে অংশ নেয়। দুর্ঘটনাকবলিত গাড়ি দুটি উদ্ধারের পাশাপাশি এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হয়েছে।
- বিষয় :
- সড়ক দুর্ঘটনা
- আহত