মহাসড়কে গড়ে ওঠা ৪০০ অবৈধ স্থাপনা উচ্ছেদ
ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের গাজীপুর সদরের বাঘের বাজারে শনিবার উচ্ছেদ অভিযান সমকাল
গাজীপুর প্রতিনিধি
প্রকাশ: ২৩ আগস্ট ২০২৬ | ০৮:১২
| প্রিন্ট সংস্করণ
গাজীপুর সদরের বাঘের বাজার ও ভবানীপুর এলাকায় ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের দুপাশে গড়ে ওঠা অবৈধ স্থাপনা উচ্ছেদ করেছে জেলা প্রশাসন। গতকাল শনিবার সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) সাজ্জাদ হোসেনের নেতৃত্বে এই উচ্ছেদ অভিযান চালানো হয়েছে।
ভবানীপুর থেকে মেম্বার বাড়ি হয়ে বাঘের বাজার পর্যন্ত মহাসড়কের দুই পাশে সরকারি জায়গা
দখল করে গড়ে ওঠা প্রায় ৪০০ দোকানপাট ও অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। অভিযানে অংশ নেওয়া কর্মকর্তারা জানান, মহাসড়কের জায়গা দখল করে ব্যবসা করার সুযোগ নেই। নির্ধারিত জায়গার বাইরে স্থাপনা নির্মাণ করলে ভবিষ্যতে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
স্থানীয়রা জানান, মহাসড়কের পাশে দোকানপাট থাকায় শুধু যানজটই নয়, তৈরি হচ্ছে নানা ধরনের ঝুঁকি। দোকানে আসা ক্রেতাদের অনেকে সড়কের ওপর দাঁড়িয়ে থাকেন। পণ্য ওঠা-নামা করার সময়ও যানবাহন থামিয়ে রাখা হয় সড়কের পাশে। এর সঙ্গে পথচারীদের চলাচল যোগ হলে ব্যস্ত সময়ে পরিস্থিতি আরও জটিল হয়ে ওঠে।
ইউএনও সাজ্জাদ হোসেন বলেন, মহাসড়কের জায়গা চিহ্নিত করে পর্যায়ক্রমে অবৈধ স্থাপনাগুলো উচ্ছেদ করা হচ্ছে। উচ্ছেদের পর একই স্থানে আবার স্থাপনা নির্মাণ করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
অভিযানে অংশ নেন সহকারী কমিশনার (ভূমি) জিয়াউল হাসান সৌরভ, টঙ্গী সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) হাসিবুর রহমান, সদর সার্কেলের সহকারী কমিশনার (ভূমি) লিপি রানী সিনহা প্রমুখ।
- বিষয় :
- উচ্ছেদ অভিযান