আখক্ষেত থেকে কঙ্কাল উদ্ধার
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশ: ২৬ আগস্ট ২০২৬ | ০৯:১২ | আপডেট: ২৬ আগস্ট ২০২৬ | ১২:১২
| প্রিন্ট সংস্করণ
জয়পুরহাট সদরে আখক্ষেত থেকে একটি কঙ্কাল উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার দুপুরে সদর উপজেলার জিতারপুর এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করা হয়। কঙ্কালটি জয়পুরহাট ২৫০ শয্যার জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়।
দুপুরে জিতারপুর এলাকার একটি আখক্ষেতে কঙ্কাল পড়ে থাকতে দেখে স্থানীয় লোকজন পুলিশে খবর দেয়। পরে জয়পুরহাট সদর থানা পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কঙ্কালটি উদ্ধার করে।
সদর থানার পরিদর্শক (তদন্ত) আবু শাহীন কাদির জানান, কঙ্কালটির পরিচয় শনাক্তে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা পাঠানো হয়েছে। ময়নাতদন্ত ও ডিএনএ টেস্টের প্রতিবেদন পেলে মৃত্যুর সঠিক কারণ ও পরিচয় জানা যাবে।
এদিকে উদ্ধার হওয়া কঙ্কালটি সম্প্রতি নিখোঁজ হওয়া ক্ষেতলাল উপজেলার হোপীরহাট গ্রামের অটোভ্যান চালক ফরিদ হোসেনের বলে দাবি করেছে তাঁর পরিবার। তারা জানান, ২০ আগস্ট সকালে ফরিদ হোসেন অটোভ্যান নিয়ে বাড়ি থেকে বের হন। এরপর আর ফেরেননি। এ ঘটনায় থানায় সাধারণ ডায়েরি (জিডি) করা হলে পুলিশ অভিযান চালিয়ে সদর উপজেলার পাকার মাথা এলাকার একটি গ্যারেজ থেকে নিখোঁজ ফরিদের অটোভ্যানটি উদ্ধার করে এবং ওই ঘটনার সঙ্গে জড়িত সন্দেহে দুজনকে গ্রেপ্তার করে।
ক্ষেতলাল থানার ওসি মুক্তারুল ইসলাম জানান, কঙ্কালের সঙ্গে থাকা পোশাক দেখে নিখোঁজ অটোভ্যান চালক ফরিদের বলে দাবি করেছেন তাঁর পরিবারের সদস্যরা। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে দেখা হচ্ছে বলে জানিয়েছেন তিনি।
- বিষয় :
- কঙ্কাল উদ্ধার