জব্দ করা ৯ লাখ ঘনফুট বালু লুট, নিশ্চুপ প্রশাসন
চিলমারীতে প্রশাসনের জব্দ করা বালু লুটে নিচ্ছে দুর্বৃত্তরা। বৃহস্পতিবার উপজেলার ফকিরের হাট কালিরকুড়া টি-বাঁধ থেকে তোলা সমকাল
চিলমারী (কুড়িগ্রাম) সংবাদদাতা
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ০৯:০১
| প্রিন্ট সংস্করণ
কুড়িগ্রামের চিলমারীতে ভ্রাম্যমাণ আদালত কর্তৃক জব্দ ও সিলগালা করা প্রায় ৯ লাখ ঘনফুট বালু লুট করার অভিযোগ উঠেছে। গত ২৬ আগস্ট রাত থেকে উপজেলার কালিরকুড়া টি-বাঁধ থেকে ফকিরের হাট পর্যন্ত বিভিন্ন পয়েন্ট থেকে জব্দ এসব বালু পরিবহন করা হচ্ছে। স্থানীয়দের অভিযোগ, বিষয়টি জানানোর পরও বালু লুট বন্ধে দৃশ্যমান কোনো পদক্ষেপ নেয়নি উপজেলা প্রশাসন।
খোঁজ নিয়ে জানা গেছে, দেশে ৫ আগস্টের রাজনৈতিক পট পরিবর্তনের পর কালিরকুড়া টি-বাঁধ এলাকায় আগে থাকা দুটি পয়েন্টের সঙ্গে নতুন করে আরও ১১টি বালু পয়েন্ট চালু করা হয়। অভিযোগ রয়েছে, বিএনপি নেতা পরিচয়ে কিছু প্রভাবশালী ব্যক্তি এসব পয়েন্ট নিয়ন্ত্রণ করতেন। স্থানীয়দের অভিযোগে গত ১২ মে ইউএনও মাহমুদুল হাসান অভিযান চালিয়ে প্রায় ৯ লাখ ঘনফুট বালু জব্দ করেন। জব্দ বালু পাহারা ও সংরক্ষণের জন্য স্থানীয় ইউপি সদস্য আসলাম হক ও মুকুল মণ্ডল নামে দুজনের জিম্মায় দেওয়া হয়। জব্দ বালু লুটের প্রসঙ্গে জিম্মাদার মুকুল মণ্ডল বলেন, ‘আসলাম হক মেম্বার নিজেই বালু ব্যবসার অংশীদার। তাঁর পরামর্শেই হয়তো বালু ব্যবসায়ীরা বালু নিয়ে গেছে।’ তবে ইউপি সদস্য আসলাম হক বলেন, ‘বালু নিয়ে যাওয়া সম্পর্কে আমার কোনো সম্পৃক্ততা নেই। বিষয়টি আমি ইউএনওকে জানিয়েছি।’ ইউএনও মাহমুদুল হাসান বলেন, বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- বালুদস্যু