চাঁপাইনবাবগঞ্জে নদীতে গোসলে নেমে ৫ শিশুর মৃত্যু
ফাইল ছবি
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ১৬:২৬ | আপডেট: ২৮ আগস্ট ২০২৬ | ১৭:১৪
চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলায় পদ্মার শাখা নদীতে (মরা নদী নামে পরিচিত) গোসলে নেমে পাঁচ মেয়ে শিশুর মৃত্যু হয়েছে। সম্পর্কে তারা মামাতো, ফুপাতো ও চাচাতো বোন। শুক্রবার দুপুরে উপজেলার দেবিনগর ইউনিয়নের ৩ নম্বর ওয়ার্ডের চর চাকলা গ্রামে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেছেন ওই শিশুদের আত্মীয় তৌহিদ আলম।
নিহতরা হলো- চর চাকলা গ্রামের মাসুদ রানার মেয়ে সুমাইয়া (৯) ও আবিদা (৭); একই গ্রামের নেজাম উদ্দিনের মেয়ে সুমাইয়া (১২) ও সুরাইয়া (৯)। অন্যজন হলেন ওই গ্রামের শরীফুল ইসলামের মেয়ে শরীফা (৮)।
তৌহিদ আলম বলেন, ‘জুমার নামাজ পড়তে গ্রামের বেশিরভাগ মানুষ মসজিদে ছিল। এ সময় শিশুরা কাউকে না জানিয়ে কখন নদীতে গোসল করতে নেমেছিল, তা কেউ বুঝতে পারেনি। এরপর তারা পানিতে ডুবে যায়।’
পরে স্থানীয় লোকজন নদীতে নেমে শিশুদের উদ্ধার করেন। পাঁচ শিশুর মৃত্যুর ঘটনায় চর চাকলা গ্রামে শোকের ছায়া নেমে এসেছে। স্বজনদের আহাজারিতে ভারি হয়ে উঠেছে এলাকার পরিবেশ।
দেবিনগর ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আ গ ম সাহেদুল আলম বিশ্বাস পলাশ বলেন, পদ্মার শাখা নদীতে ডুবে পাঁচ শিশুর মৃত্যু হয়েছে। তাদের মরদেহ দাফনের প্রস্তুতি চলছে। নৌ পুলিশ এসে আর্থিকভাবে সহায়তা দেওয়ার কথা বলেছে নিহতের পরিবারদেরকে।
চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ওসি মো. একরামুল হোসাইন বলেন, পাঁচ মেয়েশিশুর মৃত্যুর খবর নিশ্চিত হয়েছি। তাদের মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে।