ডা. জোবাইদা রহমানের উদ্যোগ
বগুড়ায় বিনামূল্যে চক্ষু চিকিৎসা পেলেন ৫ হাজার মানুষ
বগুড়া ব্যুরো
প্রকাশ: ২৮ আগস্ট ২০২৬ | ১৯:৫৪
বগুড়ায় প্রায় ৫ হাজার সুবিধাবঞ্চিত মানুষকে বিনামূল্যে চক্ষু চিকিৎসা প্রদান করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের ভাইস প্রেসিডেন্ট ও প্রধানমন্ত্রীর স্ত্রী ডা. জোবাইদা রহমানের উদ্যোগে এই চক্ষুচিকিৎসা সেবা প্রদান করা হয়। শুক্রবার বগুড়া পৌর হাইস্কুল অ্যান্ড কলেজ চত্বরে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প পরিচালনা করা হয়। এতে জেলার বিভিন্ন এলাকার নারী, পুরুষ ও শিশুকে বিনামূল্যে চক্ষু পরীক্ষা, চিকিৎসা পরামর্শ ও প্রয়োজনীয় স্বাস্থ্যসেবা দেওয়া হয়।
আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের আয়োজনে এবং জিয়াউর রহমান ফাউন্ডেশনের সহযোগিতায় আয়োজিত এই কর্মসূচিতে রোগীদের ওষুধ ও চশমা সরবরাহের পাশাপাশি ছানি রোগীদের শনাক্ত করে তাদের বিনামূল্যে অস্ত্রোপচারের ব্যবস্থা করা হয়।
বিনামূল্যে চক্ষু চিকিৎসা ও অপারেশন ক্যাম্প পরিদর্শন করেন বিএনপি চেয়ারম্যান উপদেষ্টা কাউন্সিলের সদস্য ও কৃষকদল কেন্দ্রীয় কমিটির সহসভাপতি সাবেক এমপি মো. হেলালুজ্জামান তালুকদার লালু। তিনি ক্যাম্পের কার্যক্রম ঘুরে দেখেন চিকিৎসক ও রোগীদের সঙ্গে কথা বলেন এবং প্রয়োজনীয় ওষুধ ও চশমা বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের কান্ট্রি ডাইরেক্টর বাংলাদেশ সেক্টর ড. আহমেদ তাহের হামিদ আলি, বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য আলী আজগর তালুকদার হেনা, বগুড়া জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক ফজলুল বারী তালুকদার বেলাল, বগুড়া জেলা বিএনপির সহসভাপতি ও বগুড়া সিটি করপোরেশনের প্রশাসক এম আর ইসলাম স্বাধীন, জিয়াউর রহমান ফাউন্ডেশন বগুড়ার ডা. শাহ মো. শাহজাহান আলী, ডা. আফসারুল হাবিব রোজ, আমিনুল হক দেওয়ান সজল, ডা. ইউনুস আলী, আল-বাসার ইন্টারন্যাশনাল ফাউন্ডেশনের ফ্রি ক্যাম্পিংয়ের ম্যানেজার মো. ওবায়দুজ্জামান প্রমুখ।
আয়োজকরা জানান, আর্থিক অসচ্ছলতার কারণে নিম্নআয়ের মানুষের একটি বড় অংশ সময়মতো প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা নিতে পারেন না। বিশেষ করে ছানি ও দৃষ্টিশক্তিজনিত সমস্যায় আক্রান্ত মানুষের কাছে বিনামূল্যে চিকিৎসাসেবা পৌঁছে দেওয়ার লক্ষ্যেই এ উদ্যোগ নেওয়া হয়েছে। আর্থিক সামর্থ্য না থাকায় কোনো মানুষ যেন প্রয়োজনীয় চক্ষু চিকিৎসা থেকে বঞ্চিত না হয়– এই মানবিক দায়বদ্ধতা থেকেই কর্মসূচিটির আয়োজন করা হয়েছে। জিয়াউর রহমান ফাউন্ডেশনের জনকল্যাণমূলক কার্যক্রমের ধারাবাহিকতায় ভবিষ্যতেও সুবিধাবঞ্চিত মানুষের জন্য স্বাস্থ্যসেবাসহ বিভিন্ন মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।