জ্বালানি খাতকে আমদানিনির্ভর করে রাখা হয়েছে
নারায়ণগঞ্জে শুক্রবার তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটির সমাবেশ সমকাল
নারায়ণগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ২৯ আগস্ট ২০২৬ | ০৯:২৬
| প্রিন্ট সংস্করণ
ফুলবাড়ী দিবস উপলক্ষে আয়োজিত সমাবেশে বক্তারা বলেছেন, দেশে তেল গ্যাসের সন্ধান পাওয়া গেলেও তা উত্তোলন না করে এই খাতকে সব সময় আমদানিনির্ভর করে রাখা হয়েছে। এর পেছনে অসাধু আমলাদের পরামর্শকে দায়ী করেন বক্তারা। গতকাল শুক্রবার নারায়ণগঞ্জ কেন্দ্রীয় শহীদ মিনারে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি নারায়ণগঞ্জ জেলা শাখার আয়োজনে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।
বক্তারা বলেন, ফুলবাড়ী চুক্তি অনুযায়ী সরকার উন্মুক্ত পদ্ধতিতে কয়লা উত্তোলন না করার শর্ত মানলেও এখন তারা শর্ত লঙ্ঘন করে আবারও উন্মুক্ত পদ্ধতিতে কয়লা তোলার পাঁয়তারা করছে।
সমাবেশে সংগঠনের জেলা শাখার আহ্বায়ক রফিউর রাব্বি বলেন, মার্কিন বাণিজ্যচুক্তি দেশের জন্য আত্মঘাতী একটি চুক্তি। এ চুক্তির শর্ত অনুযায়ী বাংলাদেশকে যুক্তরাষ্ট্র থেকে বিভিন্ন সামগ্রী উচ্চ মূল্যে কিনতে হবে। অন্য দেশে কম পাওয়া গেলেও যুক্তরাষ্ট্রের বেঁধে দেওয়া মূল্যে যুক্তরাষ্ট্র থেকে কিনতে হবে। বক্তারা ২০০৬ সালে ফুলবাড়ীতে স্বাক্ষরিত ৬ দফা চুক্তির বাস্তবায়ন এবং গ্যাস, জ্বালানি ও বিদ্যুৎ সংকটের জনবান্ধব ও স্থায়ী সমাধানের দাবি জানান।
রফিউর রাব্বির সভাপতিত্বে সংগঠনের সদস্য সচিব ধীমান সাহা জুয়েলের সঞ্চালনায় বক্তব্য রাখেন সিপিবির সাবেক জেলা সভাপতি হাফিজুল ইসলাম, বাসদের জেলা সদস্য সচিব আবু নাইম খান বিপ্লব, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির জেলা সভাপতি মাহামুদ হোসেন, ন্যাপের জেলা সাধারণ সম্পাদক আওলাদ হোসেন, নারায়ণগঞ্জ সাংস্কৃতিক জোটের সভাপতি মনি সুপান্থ ও সামাজিক সংগঠন সমমনার সাবেক সভাপতি দুলাল সাহা।
- বিষয় :
- জ্বালানি খাত