ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুরের অভিযোগ

দীঘিনালায় ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুরের অভিযোগ
×

ছবি: সমকাল

রাঙামাটি অফিস

প্রকাশ: ৩০ আগস্ট ২০২৬ | ০৫:২১

খাগড়াছড়ির দীঘিনালার বাবু পাড়া এলাকায় গত শুক্রবার রাতে পার্বত্য চট্টগ্রামের গণতান্ত্রিক আন্দোলনের নেতা ভরদ্বাজ মুনি চাকমার স্মৃতিস্তম্ভ ভাঙচুরের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে পার্বত্য চট্টগ্রাম পাহাড়ি ছাত্র পরিষদ (পিসিপি)। 

স্থানীয় সূত্রে জানা যায়, গতকাল শনিবার সকালে এলাকার লোকজন দেখতে পায় স্মৃতিস্তম্ভটি ভাঙচুর করা হয়েছে। পরে ভাঙচুরের ছবি সামাজিক মাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি সবার নজরে আসে। এতে জনমনে ক্ষোভ ও অসন্তোষ দেখা দেয়। 

পিসিপির কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক এল্টন চাকমা স্বাক্ষরিত এক বিবৃতিতে স্মৃতিস্তম্ভ ভেঙে ফেলায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানানো হয়। বিবৃতিতে বলা হয়, স্মৃতিস্তম্ভটি ভেঙে ফেলার বিষয়টি পিসিপির নজরে এসেছে। তবে কে বা কারা এ ঘটনা ঘটিয়েছে, তা এখনও জানা যায়নি। ভরদ্বাজ মুনির স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে নির্মিত স্মৃতিস্তম্ভ ভাঙচুরের ঘটনা শুধু একটি স্থাপনা ধ্বংস নয়, এটি পার্বত্য চট্টগ্রামের আন্দোলনের ইতিহাসের ওপর আঘাত। যা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। বিবৃতিতে অবিলম্বে এ ঘটনার নিরপেক্ষ তদন্ত করে জড়িতদের শনাক্ত এবং যথাযথ শাস্তি নিশ্চিতের দাবি জানানো হয়। 

আরও পড়ুন

×