ঢাকা বুধবার, ০২ সেপ্টেম্বর ২০২৬

মতলবে দুই মাসে ২৫ ট্রান্সফরমার চুরি

মামলা না করায় থানার ওসিকে আদালতের শোকজ

মতলবে দুই মাসে ২৫ ট্রান্সফরমার চুরি
×

ছবি- সংগৃহীত

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০২ সেপ্টেম্বর ২০২৬ | ০২:২৯

চাঁদপুরের মতলব উত্তর উপজেলায় গত দুই মাসে পল্লী বিদ্যুতের ২৫টি ট্রান্সফরমার চুরির ঘটনা ঘটেছে। প্রতিটি চুরির ঘটনায় মামলা করতে থানায় আবেদন জানিয়েছিল পল্লী বিদ্যুৎ কর্তৃপক্ষ। তবে এর মধ্যে ২২টি ঘটনায় মামলা রুজু করেনি মতলব উত্তর থানার পুলিশ।

বিষয়টি আমলে নিয়ে মঙ্গলবার মতলব উত্তর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ কামরুল হাসানকে শোকজ করেছেন চাঁদপুরের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ। আগামী ৮ সেপ্টেম্বর আদালতে উপস্থিত হয়ে চুরি প্রতিরোধে নিষ্ক্রিয়তার কারণে কেন তার বিরুদ্ধে আইনানুগ আদেশ দেওয়া হবে না, সে বিষয়ে কারণ দর্শাতে বলা হয়েছে।

চাঁদপুর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতের নাজির ফখরুদ্দিন স্বপন বিষয়টি নিশ্চিত করেছেন।

এর আগে পত্রিকায় প্রকাশিত ‘মতলব উত্তরে ট্রান্সফরমার চুরির হিড়িক’ শীর্ষক সংবাদ আমলে নিয়ে চুরি প্রতিরোধে কী ব্যবস্থা নেওয়া হয়েছে, সে বিষয়ে প্রতিবেদন দাখিলের নির্দেশ দেন মতলব উত্তর থানার আমলি আদালতের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. নসরুল্লাহ। এ জন্য চাঁদপুর পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজার ও মতলব উত্তর থানার ওসিকে প্রতিবেদন দিতে বলা হয়।

পল্লী বিদ্যুৎ সমিতির জেনারেল ম্যানেজারের দেওয়া প্রতিবেদন থেকে জানা যায়, ট্রান্সফরমার চুরির প্রতিটি ঘটনায় মতলব উত্তর থানার ওসির কাছে মামলা করার জন্য আবেদন করা হয়েছিল। কিন্তু আদালতের আদেশ দেওয়ার আগ পর্যন্ত কোনো মামলাই রুজু করা হয়নি।

আদালত মনে করেন, বিদ্যুতের মতো জরুরি সেবার গুরুত্বপূর্ণ যন্ত্রাংশ চুরি একটি অপরাধ। এসব ঘটনায় মামলা রুজু করে চুরি প্রতিরোধে কার্যকর পদক্ষেপ না নেওয়ায় মতলব উত্তর থানার ওসিকে শোকজ করা হয়েছে।

আরও পড়ুন

×