ঢাকা বৃহস্পতিবার, ০৩ সেপ্টেম্বর ২০২৬

লিজ না পেয়ে সেচ বন্ধ, নষ্ট ধান

লিজ না পেয়ে সেচ বন্ধ, নষ্ট ধান
×

 তাড়াশ (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশ: ০৩ সেপ্টেম্বর ২০২৬ | ০৮:৪৭

| প্রিন্ট সংস্করণ

সিরাজগঞ্জের তাড়াশে জমি লিজ না পেয়ে আক্রোশে সেচ বন্ধ করে দেওয়ায় অভিযোগ উঠেছে। এতে মো. মনসুর আলী নামের এক ক্ষুদ্র চাষির এক মাসের উঠতি রোপা আমন ধান শুকিয়ে নষ্ট হচ্ছে। উপজেলার তালম ইউনিয়নের পাড়িল গ্রামে এ ঘটনা ঘটে। ফসল রক্ষায় ভুক্তভোগী কৃষক মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বরাবর লিখিত অভিযোগ করেছেন।
ভুক্তভোগী মনসুর আলী জানান, পাশের পাড়িল গ্রামের ফসলি মাঠে দেড় বিঘা জমি লিজ নিয়ে আমন ধান রোপণ করেন। জমিটি আব্দুর রশিদ নামের এক সেচ মালিকের স্কিমের আওতাভুক্ত। বিএডিসির পানাসি প্রকল্পের আওতাধীন বিদ্যুৎচালিত এই গভীর নলকূপ থেকে নির্দিষ্ট এলাকার চাষিদের সেচ দেওয়ার বাধ্যবাধকতা রয়েছে।
তবে সেচ মালিক আব্দুর রশিদ জমিটি নিজে লিজ নিতে ব্যর্থ হয়ে আক্রোশবশত মনসুর আলীর জমিতে সেচ বন্ধ করে দেন। টানা এক মাস সেচ না পাওয়ায় জমি ফেটে চৌচির হয়ে গেছে এবং ধান গাছ বিবর্ণ হয়ে উঠছে। এতে পুরো বছর অনাহারে থাকার শঙ্কা প্রকাশ করেছেন ক্ষতিগ্রস্ত কৃষক। এছাড়া সেচের অনুরোধ করতে গিয়ে তিনি ও তাঁর স্ত্রী লাঞ্ছিত হয়েছেন বলেও অভিযোগ করেন।
অভিযুক্ত সেচ মালিক আব্দুর রশিদ বলেন, ‘সেচটি আমার নিজের, তাই যাকে ইচ্ছা পানি দেব; ইচ্ছা না হলে দেব না।’
বিএডিসি (রায়গঞ্জ জোন)-এর সহকারী প্রকৌশলী আনন্দ বর্মণ জানান, বিএডিসির গভীর নলকূপের আওতাভুক্ত সব জমিতে পানি দিতে মালিক বাধ্য। লিখিত অভিযোগ পেলে ব্যবস্থা নেওয়া হবে।
উপজেলা কৃষি কর্মকর্তা শর্মিষ্ঠা সেনগুপ্তা জানান, অভিযোগের অনুলিপি পেয়ে ঘটনাস্থলে উপসহকারী কৃষি কর্মকর্তাকে পাঠানো হয়েছে।
উপজেলা নির্বাহী কর্মকর্তা নুসরাত জাহান বলেন, ‘লিখিত অভিযোগ পেয়েছি। দ্রুত তদন্তসাপেক্ষে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

×