ঢাকা রোববার, ০৬ সেপ্টেম্বর ২০২৬

দু’দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি

দু’দিনের সফরে ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি
×

ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর (ছবি-সংগৃহীত)

ঠাকুরগাঁও প্রতিনিধি 

প্রকাশ: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:০৭ | আপডেট: ০৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৪:২২

দুই দিনের রাষ্ট্রীয় সফরে ঠাকুরগাঁও পৌঁছেছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার দুপুর ১টার দিকে ঠাকুরগাঁও শহীদ মোহাম্মদ আলী স্টেডিয়ামে তাঁকে বহনকারী বাংলাদেশ বিমান বাহিনীর হেলিকপ্টার অবতরণ করে। রাষ্ট্রপতির সফরসঙ্গী হিসেবে সঙ্গে রয়েছেন সহধর্মিণী রাহাত আরা বেগম।

ঠাকুরগাঁওয়ে পৌঁছার পর সার্কিট হাউসে গার্ড অব অনার দেওয়া হয় রাষ্ট্রপতিকে। পরে তিনি সেনুয়া কবরস্থানে বাবা-মায়ের কবর জিয়ারত শেষে নিজ বাসভবন ঠাকুরগাঁওয়ের কালিবাড়িতে যান।

বিকেল ৩টায় ঠাকুরগাঁও সরকারি বালক উচ্চ বিদ্যালয় বড় মাঠে নাগরিক সংবর্ধনায় যোগ দেবেন তিনি। রাতে নিজ বাড়িতে আত্মীয়-স্বজনদের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করবেন। সোমবার সকালে সদর উপজেলা জামালপুর ইউনিয়নের মহেশালী এলাকায় ঠাকুরগাঁও বিশ্ববিদ্যালয়ের ভিত্তিপ্রস্তর স্থাপন করবেন।

রাষ্ট্রপতি হওয়ার পর প্রথমবার আজ নিজ জেলায় এলেন মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তাঁকে বরণ করতে হাজার হাজার মানুষ সকাল থেকে অপেক্ষায় ছিলেন।

আরও পড়ুন

×