ঢাকা বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬

খুলনায় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন পাবলিক কলেজ

খুলনায় বিজ্ঞান বিতর্ক উৎসবে চ্যাম্পিয়ন পাবলিক কলেজ
×

ছবি- সমকাল

খুলনা ব্যুরো

প্রকাশ: ১৬ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:০৫

‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’—এই স্লোগানে বিএফএফ-সমকাল ১২তম জাতীয় বিজ্ঞান বিতর্কের খুলনা পর্যায়ের উৎসব শেষ হয়েছে। বুধবার বিতার্কিকদের যুক্তিতর্কে সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত উৎসবমুখর ছিল খুলনা প্রেসক্লাব প্রাঙ্গণ।

উৎসবে যুক্তি উপস্থাপন করে চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে খুলনা পাবলিক কলেজ। রানারআপ হয়েছে খুলনা সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়। এছাড়া সেরা বক্তা নির্বাচিত হন সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের কাজী সুমাইয়া জাহান।

দুপুরে প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্য অধ্যাপক ড. ইয়াহিয়া আকতার। তিনি বলেন, শিক্ষার্থীদের যুক্তির সিঁড়ি বেয়ে যেকোনো সমস্যা সমাধানের চেষ্টা করতে হবে। একই সঙ্গে বিজ্ঞান শিক্ষায় নতুন প্রজন্ম যাতে বেশি করে উদ্বুদ্ধ হয়, সেদিকেও অভিভাবকদের দৃষ্টি রাখতে হবে। প্রতিবছর এ ধরনের সৃজনশীল প্রতিযোগিতা আয়োজনের জন্য তিনি সমকালকে ধন্যবাদ জানান।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রাক্তন বিতার্কিক ও সিনিয়র সাংবাদিক শেখ দিদারুল আলম এবং খুলনা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক তরিকুল ইসলাম।

চ্যাম্পিয়ন দলের তিন সদস্য পার্থ সারথি বালা, খান তাওমিদ সামী ও এস এম জামিল বলেন, ‘বিজ্ঞান বিষয়ক বিতর্ক প্রতিযোগিতায় খুলনা জেলার মধ্যে চ্যাম্পিয়ন হতে পেরে খুবই আনন্দ লাগছে। আশা করছি বিভাগীয় পর্যায়েও চ্যাম্পিয়ন হবো।’

রানারআপ দলের বিতার্কিক মিহিরিমা জান্নাত, আনতিশা রহমান স্বপ্ন ও কাজী সুমাইয়া জাহান বলেন, এ ধরনের প্রতিযোগিতায় অংশ নিতে পেরে খুবই ভালো লাগছে। ছোট ভুলগুলো দূর করে ভবিষ্যতে আরও ভালো করার প্রত্যয় ব্যক্ত করেন তারা।

উৎসবে বিচারকের দায়িত্ব পালন করেন খুলনা বিশ্ববিদ্যালয়ের ডিবেটিং ক্লাব নৈয়ায়িকের সাধারণ সম্পাদক জান্নাতুল ফেরদৌস মিম, সহ-সভাপতি তামান্না আকতার, সহকারী পরিচালক পার্থ দত্ত, খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ডিবেটিং ক্লাবের সভাপতি আহনাফ আজমাঈন খান ফাহিম এবং ২০১৯ সালের বিতর্ক উৎসবের জাতীয় চ্যাম্পিয়ন ও সেরা বিতার্কিক ফাওজিয়া ফারিয়া জেবা।

পুরস্কার বিতরণী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সমকালের খুলনা ব্যুরোর স্টাফ রিপোর্টার আবুল হাসান হিমালয়। উপস্থিত ছিলেন সুহৃদ সমাবেশ খুলনার আহ্বায়ক মাহদী হাসান সীন, সদস্য সচিব সুমাইয়া সিদ্দিকা শম্পা, সদস্য ইশতিয়াক কামাল, জাহিদ হাসান ও সত্যেন্দ্র নাথ, ফটোসাংবাদিক জাহিদুল ইসলাম, শরিফুল আলম প্রমুখ।

আরও পড়ুন

×