ঢাকা বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬

মেহেরপুরে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়

মেহেরপুরে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়
×

ছবি- সমকাল

মেহেরপুর প্রতিনিধি

প্রকাশ: ১৭ সেপ্টেম্বর ২০২৬ | ১৭:২৩

মেহেরপুরে বিএফএফ-সমকাল জাতীয় স্কুল বিজ্ঞান বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে গাংনীর জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়। রানারআপ হয়েছে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের ইলমা বিনতে আরিফ।

বৃহস্পতিবার সকাল ৯টা থেকে মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে শুরু হয়ে বেলা আড়াইটায় শেষ হয় এ প্রতিযোগিতা। জেলার আটটি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীরা এতে অংশ নেয়। চ্যাম্পিয়ন দলের অপর দুই বিতার্কিক হলেন সুবর্ণা খাতুন ও রজনী আক্তার রিম্পা।

প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন গাংনী সরকারি ডিগ্রি কলেজের অবসরপ্রাপ্ত সহকারী অধ্যাপক মো. এনামুল আযীম, একই কলেজের পদার্থবিজ্ঞান বিভাগের সহকারী অধ্যাপক মো. সাজ্জাদুজ্জামান এবং এস এম জোহা কলেজের শিক্ষক মোহা. মখলেচুর রহমান।

নকআউট পদ্ধতিতে অনুষ্ঠিত প্রতিযোগিতায় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয় ও মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ দ্বিতীয় পর্বে ওঠে। সেমিফাইনালে মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজকে হারিয়ে ফাইনালে ওঠে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজ। অন্য সেমিফাইনালে মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়কে হারিয়ে ফাইনালে জায়গা করে নেয় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়।

ফাইনালে মেহেরপুর মাধ্যমিক বালিকা বিদ্যালয় ও কলেজকে হারিয়ে চ্যাম্পিয়ন হয় জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়।

প্রতিযোগিতায় অংশ নেয় মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়, কবি নজরুল শিক্ষা মঞ্জিল, মেহেরপুর সরকারি উচ্চ বালিকা বিদ্যালয়, জোড়পুকুরিয়া মাধ্যমিক বিদ্যালয়, ভৈরব মাধ্যমিক বালিকা বিদ্যালয়, মেহেরপুর মাধ্যমিক বিদ্যালয় ও কলেজ, সি এইচ এস মাধ্যমিক বিদ্যালয় এবং শোলমারী মাধ্যমিক বালিকা বিদ্যালয়।

প্রতিযোগিতা শেষে বিজয়ী ও রানারআপ দলের সদস্যদের হাতে সনদ ও ক্রেস্ট তুলে দেওয়া হয়। এ ছাড়া বিচারক ও আমন্ত্রিত অতিথিদেরও ক্রেস্ট ও বিশেষ উপহার দেওয়া হয়।

সমকাল সুহৃদ সমাবেশের সদস্য ও বিশিষ্ট বিতার্কিক এবং আবৃত্তিকার অনিক হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন অংশগ্রহণকারী বিদ্যালয়গুলোর সমন্বয়কারী শিক্ষক, শিক্ষার্থীদের অভিভাবক, সুহৃদ সভাপতি এনামুল আযীম, সাধারণ সম্পাদক ও মেহেরপুর কলেজ অব ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজির অধ্যক্ষ ফজলুল হক, মেহেরপুর সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. সিদ্দিকুর রহমান, সুহৃদের সহসভাপতি ওয়াজেদুল হক, প্রচার ও প্রকাশনা সম্পাদক সাব্বির হোসেন সোহাগ, সহসাধারণ সম্পাদক রামিজ আহসান, উপদেষ্টা এম এ বাশার এবং সদস্য মো. আনিসুজ্জামান ও মাসুদল হাসানসহ অনেকে।

আরও পড়ুন

×