ঢাকা শনিবার, ১৯ সেপ্টেম্বর ২০২৬

মমেক হাসপাতালে আগুন

হতাহত নিয়ে ‘মিথ্যাচার’ করা কর্মকর্তাদের অপসারণ দাবি

হতাহত নিয়ে ‘মিথ্যাচার’ করা কর্মকর্তাদের অপসারণ দাবি
×

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে অব্যবস্থাপনা ও আগুনে হতাহতদের নিয়ে মিথ্যাচারের প্রতিবাদে গতকাল বৃহস্পতিবার মানববন্ধন করে এলাকাবাসী সমকাল

 নিজস্ব প্রতিবেদক, ময়মনসিংহ

প্রকাশ: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ০৯:৪১ | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬ | ১১:২৮

| প্রিন্ট সংস্করণ

ময়মনসিংহ মেডিকেল কলেজ (মমেক) হাসপাতালে আগুন লাগার পর হতাহতের তথ্য নিয়ে মিথ্যাচারের অভিযোগ তুলে বিভাগীয় কমিশনার, হাসপাতালের পরিচালক, উপপরিচালকসহ সংশ্লিষ্ট কর্মকর্তাদের দ্রুত অপসারণের দাবি জানিয়েছে নাগরিক সংগঠন ‘ময়মনসিংহ মঞ্চ’। একই সঙ্গে হাসপাতাল কর্তৃপক্ষের গঠন করা তদন্ত কমিটি বাতিল করে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন এবং নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানানো হয়েছে।

গতকাল বৃহস্পতিবার হাসপাতালের সামনে বিক্ষোভ সমাবেশ থেকে এসব দাবি জানান সংগঠনের নেতারা। হাসপাতালের অব্যবস্থাপনা দূর করা এবং অগ্নিকাণ্ডে হতাহতের বিষয়ে হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসনের মিথ্যা বক্তব্যের প্রতিবাদে এই কর্মসূচির আয়োজন করা হয়।

সমাবেশে ময়মনসিংহ মঞ্চের সমন্বয়ক ইমতিয়াজ আহমেদ বলেন, ‘আগুন লাগার পর প্রশাসনের কর্মকর্তারা দাবি করেছিলেন, কেউ হতাহত হননি। কিন্তু পরে সাংবাদিকদের অনুসন্ধানী প্রতিবেদনে প্রকৃত তথ্য বেরিয়ে আসে। সত্য ধামাচাপা দিয়ে জনগণকে বিভ্রান্ত করার এই নৈতিক স্খলনের দায়ে বিভাগীয় কমিশনারসহ সংশ্লিষ্টদের ময়মনসিংহ থেকে অবিলম্বে অপসারণ করতে হবে।’

হাসপাতালের নিরাপত্তা ব্যবস্থাসহ সার্বিক অব্যবস্থাপনার সমালোচনা করে তিনি বলেন, ‘ভবনের মোট পাঁচটি সিঁড়ির মধ্যে চারটির গেটই তালাবদ্ধ ছিল। আগুন লাগার পর আতঙ্কিত রোগী ও স্বজনরা মাত্র একটি সিঁড়ি দিয়ে নামতে বাধ্য হন। এই অব্যবস্থাপনার দায় হাসপাতাল কর্তৃপক্ষ এড়াতে পারে না।’

বর্তমান তদন্ত প্রক্রিয়া প্রত্যাখ্যান করে তিনি বলেন, ‘আমরা কোনো প্রশাসনিক তদন্ত কমিটি মানি না। ঘটনার সঠিক তথ্য ও প্রকৃত হতাহতের সংখ্যা প্রকাশের জন্য অবিলম্বে বিচার বিভাগীয় তদন্ত কমিটি গঠন করতে হবে।’ পাশাপাশি নিহতদের পরিবারকে এক কোটি টাকা করে ক্ষতিপূরণ এবং আহতদের বিনামূল্যে সুচিকিৎসার ব্যবস্থা করার আহ্বান জানান তিনি।

গত সোমবার সন্ধ্যায় হাসপাতালের নতুন আটতলা ভবনের লিফটের কন্ট্রোল রুমে আগুন লাগে। এতে ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে পড়ে চারপাশ। এ সময় আতঙ্কে হুড়োহুড়ি করে বিভিন্ন তলা থেকে একটি মাত্র সিঁড়ি দিয়ে নিচে নামতে গিয়ে বেশ কয়েকজন আহত হন। স্থানীয় সূত্রে চারজনের মৃত্যুর তথ্য পাওয়া গেলেও হাসপাতাল কর্তৃপক্ষ ও প্রশাসন ‘আতঙ্কে’ দুজনের মারা যাওয়ার কথা স্বীকার করেছে।

আরও পড়ুন

×