বন্দর রক্ষা কমিটি ও বিভিন্ন শ্রমিক সংগঠনের যৌথ বিবৃতি
‘চট্টগ্রাম বন্দর নিয়ে নৌমন্ত্রীর বক্তব্য বাস্তবতাবিবর্জিত ও বিভ্রান্তিকর’
ফাইল ছবি
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৭ সেপ্টেম্বর ২০২৬ | ০৪:১০
চট্টগ্রাম বন্দরের গুরুত্বপূর্ণ ও লাভজনক কনটেইনার টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা না দেওয়ার দাবি জানিয়েছে বন্দর রক্ষা কমিটি চট্টগ্রাম ও বিভিন্ন শ্রমিক সংগঠন। একই সঙ্গে চট্টগ্রাম বন্দরের ব্যবস্থাপনা ‘স্থবির’—নৌপরিবহনমন্ত্রীর এমন বক্তব্যকে বাস্ততাবিবর্জিত ও বিভ্রান্তিকর আখ্যা দিয়ে এর নিন্দা জানিয়েছেন সংগঠনগুলোর নেতারা।
বন্দরের প্রকৃত সক্ষমতা, আয়, কার্গো ও কনটেইনার হ্যান্ডলিং এবং দেশীয় ব্যবস্থাপনার দক্ষতা নিয়ে স্বচ্ছ ও নিরপেক্ষ মূল্যায়নেরও দাবি জানিয়েছেন তারা।
শনিবার এক যৌথ বিবৃতিতে এসব দাবি জানানো হয়।
বিবৃতিতে বলা হয়, দীর্ঘদিন ধরে বন্দর শ্রমিক, কর্মচারী, কর্মকর্তা, প্রকৌশলী ও দক্ষ জনশক্তির শ্রম ও অভিজ্ঞতায় চট্টগ্রাম বন্দরের কার্যক্রম সচল রয়েছে। বৈরী আবহাওয়া, সমুদ্রবন্দরের সতর্ক সংকেতসহ নানা প্রতিকূলতার মধ্যেও শ্রমিকরা ঝুঁকি নিয়ে কাজ করেছেন।
নেতারা বলেন, চট্টগ্রাম বন্দরের আধুনিকায়ন ও প্রযুক্তিগত উন্নয়ন প্রয়োজন। তবে আধুনিকায়নের অজুহাতে গুরুত্বপূর্ণ ও লাভজনক টার্মিনাল বিদেশি প্রতিষ্ঠানের কাছে দীর্ঘমেয়াদি ইজারা দেওয়া উচিত নয়। এ ধরনের সিদ্ধান্ত নেওয়ার আগে জাতীয় নিরাপত্তা, অর্থনীতি, শ্রমিকস্বার্থ, রাজস্ব এবং দীর্ঘমেয়াদি রাষ্ট্রীয় স্বার্থের ওপর এর প্রভাব মূল্যায়ন করতে হবে।
যৌথ বিবৃতিতে স্বাক্ষরকারীদের মধ্যে রয়েছেন বন্দর রক্ষা কমিটির আহ্বায়ক প্রকৌশলী দেলোয়ার মজুমদার, জাতীয়তাবাদী শ্রমিক দলের চট্টগ্রাম বিভাগীয় কমিটির সভাপতি এ এম নাজিমুদ্দিন, বাংলাদেশ ট্রেড ইউনিয়নের চট্টগ্রাম জেলা সভাপতি তপন দত্ত, ডক জাতীয়তাবাদী শ্রমিক দলের সভাপতি মো. হারুন এবং বন্দর লেসিং-আনলেসিং শ্রমিক ইউনিয়নের সভাপতি মো. ইকবাল হোসেনসহ বন্দর মার্চেন্ট ইউনিয়নের নেতারা।
- বিষয় :
- চট্টগ্রাম
- চট্টগ্রাম বন্দর