কক্সবাজারে বিজ্ঞান বিতর্কে চ্যাম্পিয়ন বাঁকখালী উচ্চ বিদ্যালয়
ছবি- সমকাল
কক্সবাজার প্রতিনিধি
প্রকাশ: ৩০ সেপ্টেম্বর ২০২৬ | ১৮:১৮
কক্সবাজারে ১২তম বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের জেলা পর্যায়ের প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে রামুর বাঁকখালী উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসা। তৃতীয় স্থান অর্জন করেছে সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা ও দশম শ্রেণির শিক্ষার্থী নন্দিতা বড়ুয়া ফ্লোরা।
‘বিতর্ক মানেই যুক্তি, বিজ্ঞানে মুক্তি’ স্লোগানে বুধবার কক্সবাজার শহরের সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে দিনব্যাপী এ উৎসব অনুষ্ঠিত হয়। এতে জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠানের বিতার্কিক দল অংশ নেয়।
প্রতিযোগিতার প্রাথমিক পর্ব শেষে সেমিফাইনালে জায়গা করে নেয় বাঁকখালী উচ্চ বিদ্যালয়, মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসা, মো. ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয় ও সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়। সেমিফাইনালের প্রতিদ্বন্দ্বিতা শেষে ফাইনালে ওঠে বাঁকখালী উচ্চ বিদ্যালয় ও মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসা।
ফাইনালে বিতর্কের বিষয় ছিল, ‘কৃত্রিম বুদ্ধিমত্তা শিক্ষার্থীদের সৃজনশীলতার জন্য হুমকি নয়, বরং নতুন সম্ভাবনার দ্বার।’ বিষয়ে পক্ষে অবস্থান নেয় মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসা এবং বিপক্ষে অবস্থান নেয় বাঁকখালী উচ্চ বিদ্যালয়। যুক্তি-তর্কের লড়াই শেষে চ্যাম্পিয়ন হয় বাঁকখালী উচ্চ বিদ্যালয়।
উৎসবে অংশ নেওয়া প্রতিষ্ঠানগুলো হলো বাঁকখালী উচ্চ বিদ্যালয়, মাসুমিয়া ইসলামিয়া সুন্নিয়া আলিম মাদরাসা, চাকমারকুল উচ্চ বিদ্যালয়, মনছুর আলী সিকদার উচ্চ বিদ্যালয়, ফিউচার লিডার্স স্কুল অ্যান্ড কলেজ, কক্সবাজার ডিবেট স্কুল, সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় এবং মো. ইলিয়াস মিয়া চৌধুরী উচ্চ বিদ্যালয়।
সমকাল সুহৃদ কক্সবাজার জেলা আয়োজিত এ উৎসব বাংলাদেশ ফ্রিডম ফাউন্ডেশন (বিএফএফ) ও দৈনিক সমকালের সহযোগিতায় এবং শাহজালাল ইসলামী ব্যাংকের পৃষ্ঠপোষকতায় অনুষ্ঠিত হয়।
বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন সুহৃদ কক্সবাজার জেলার সাধারণ সম্পাদক এস আই রায়হান। সময় সমন্বয়কের দায়িত্বে ছিলেন সুহৃদ সদস্য গোলাম রহমান মানিক। বিচারকের দায়িত্ব পালন করেন অবসরপ্রাপ্ত শিক্ষক মাস্টার মোহাম্মদ আলম, দৈনিক কক্সবাজারের স্টাফ রিপোর্টার সোয়েব সাঈদ এবং এডুন্যাশন ইন্টারন্যাশনাল স্কুলের প্রতিষ্ঠাতা ও কক্সিয়ান এক্সপ্রেসের সাধারণ সম্পাদক রবিউল করিম আকাশ।
পরে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন কক্সবাজার সিটি কলেজের অধ্যক্ষ এস এম আকতার উদ্দিন চৌধুরী। বিশেষ অতিথি ছিলেন কক্সবাজার সদর থানার ওসি শেখ মোহাম্মদ আলী ও সাহিত্যিকা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি মোহাম্মদ শাহাজাহান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সুহৃদ কক্সবাজার জেলা সভাপতি ও সাহিত্যিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো. নুরুল আবছার। অনুষ্ঠান সঞ্চালনা করেন সুহৃদ সদস্য মিজবাউল করিম।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল