ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৫০ বছর পূর্তি
ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদের ৫০ বছর পূর্তি অনুষ্ঠানে সদস্যদের সঙ্গে অতিথিরা সমকাল
ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি
প্রকাশ: ০৪ অক্টোবর ২০২৬ | ০৮:৩৮
| প্রিন্ট সংস্করণ
ঈশ্বরদীর সাহিত্য ও সংস্কৃতির ঐতিহ্যবাহী বাতিঘর ‘ঈশ্বরদী সাহিত্য-সংস্কৃতি পরিষদ’। সম্প্রতি ৫০ বছর পূর্ণ করল প্রতিষ্ঠানটি। সুবর্ণজয়ন্তী উপলক্ষে আয়োজিত হয় তিন দিনব্যাপী নানারকম বর্ণাঢ্য আয়োজন। আনন্দঘন পরিবেশে সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে গতকাল শনিবার শেষ হলো উৎসবের।
তিন দিনের কর্মসূচিতে নানা আয়োজন ছিল। প্রথম দিনে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন করা হয়। শ্রদ্ধা জানানো হয় প্রতিষ্ঠাতা প্রয়াত সাহিত্যিক মজিবর রহমানের সমাধিতে। দ্বিতীয় দিনে অনুষ্ঠিত হয় বৃক্ষরোপণ কর্মসূচি। এ দিনে প্রায় ৬০০ শিশু শিক্ষার্থী চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেয়।
উৎসবের শেষ দিনে গতকাল শহরে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। বিকেলে ঈশ্বরদী প্রেস ক্লাব মিলনায়তনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান হয়। একই সঙ্গে গুণীজন সম্মাননা দেওয়া হয়। প্রতিযোগিতা শেষে বিজয়ী শিশুদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা। এ ছাড়া উন্মোচিত হয় সাহিত্য সম্পাদক আলমগীরুল নিউটনের নতুন কাব্যগ্রন্থ।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার উদ্বোধন করেন ল্যান্ড সার্ভে ট্রাইব্যুনালের বিচারক সিরাজুল ইসলাম মামুন এবং সহকারী কমিশনার (ভূমি) মো. আসাদুজ্জামান সরকার। বিভিন্ন পর্বে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি অ্যাডভোকেট মুস্তাফিজুর রহমান খান কামাল ও জ্যেষ্ঠ সহসভাপতি জাহিদুল আলম সনু।
কবিতা উৎসবে উপস্থিত ছিলেন পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ডিন অধ্যাপক ড. হুমায়ুন কবির বিপ্লব এবং ঈশ্বরদী সরকারি কলেজের সহযোগী অধ্যাপক ড. মো. জাহিদুল ইসলাম। অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন এসএম মডেল স্কুলের ভারপ্রাপ্ত অধ্যক্ষ শহিদুল হক শাহিন, সুবর্ণজয়ন্তী উদযাপন কমিটির আহ্বায়ক আশিকুর রহমান লুলু ও সাধারণ সম্পাদক এস. আলমগীর, সাংবাদিক সেলিম সরদারসহ সংগঠনের কর্মকর্তারা।
- বিষয় :
- সাহিত্য