ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

২০০ টাকা বকশিশ দাবি

টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, পরে ঢাকায় নেওয়ার পথে শিশুর মৃত্যু

টাকা না দেওয়ায় মেলেনি ট্রলি, পরে ঢাকায় নেওয়ার পথে শিশুর মৃত্যু
×
×

ছবি: ভিডিও থেকে নেওয়া

ফরিদপুর অফিস

প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৩:৪২

ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে ট্রলি পেতে ২০০ টাকা বকশিশ না দেওয়ায় অক্সিজেন সিলিন্ডার নিয়ে পাঁচ তলায় শিশুকে নিয়ে হেঁটে উঠতে হলো স্বজনদের। শেষ পর্যন্ত শারীরিক অবস্থার অবনতি হলে চিকিৎসকরা ঢাকায় নেওয়ার পরামর্শ দেন, তবে পথেই মারা যায় পাঁচ বছরের শিশু রুহুল আমিন। এই ঘটনার একটি ভিডিও ইতোমধ্যেই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, গত সোমবার বেলা ১২টা ৫০ মিনিটের দিকে শিশু রুহুল আমিন (৫) তার বাড়ির পাশের রাস্তার ওপর খেলা করছিল। এ সময় একটি ভ্যান তার পেটের ওপর দিয়ে চলে যায়। গুরুতর আহত অবস্থায় স্বজনরা তাকে দ্রুত ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে এলে তাকে প্রথমে ট্রমা সেন্টারে ভর্তি করা হয়।

সেখানে চিকিৎসকরা প্লাস্টার শেষে তাকে শিশু সার্জারি ওয়ার্ডে নেওয়ার পরামর্শ দেন। তবে আসল ভোগান্তি শুরু হয় এর পরেই। শিশুর পরিবার অভিযোগ করেন, শিশুকে পাঁচ তলার সার্জারি ওয়ার্ডে নেওয়ার জন্য ট্রলি খোঁজাখুঁজি শুরু করলে সেখানকার একজন ওয়ার্ড বয় এবং একজন স্বেচ্ছাসেবী ট্রলি পেতে ২০০ টাকা দাবি করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, টাকা দিতে না পারায় বাধ্য হয়ে স্বজনরা নিজেদের শক্তিতেই শিশুটিকে কোলে নিয়ে এবং হাতে অক্সিজেনের বোতল ধরে পাঁচ তলার সার্জারি ওয়ার্ডে হেঁটে নিয়ে যান।

সার্জারি ওয়ার্ডের কর্তব্যরত চিকিৎসক শিশুটির শারীরিক অবস্থা আশঙ্কাজনক দেখে তাকে দ্রুত ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। ঢাকায় নেওয়ার পথেই মারা যায় শিশু রুহুল।

এ বিষয়ে ফরিদপুরের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, পুরো বিষয়টি খতিয়ে দেখে পরবর্তী প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

আরও পড়ুন

×