জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসব
মানিকগঞ্জে চ্যাম্পিয়ন সরকারি সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয়
ছবি- সমকাল
মানিকগঞ্জ প্রতিনিধি
প্রকাশ: ০৭ অক্টোবর ২০২৬ | ১৯:১১
বিএফএফ-সমকাল জাতীয় বিজ্ঞান বিতর্ক উৎসবের মানিকগঞ্জ জেলা পর্যায়ের প্রতিযোগিতায় টানা পঞ্চমবারের মতো চ্যাম্পিয়ন হয়েছে মানিকগঞ্জ সরকারি সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয়। রানার্সআপ হয়েছে মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ। আর শ্রেষ্ঠ বক্তা নির্বাচিত হয়েছেন চ্যাম্পিয়ন দলের দলনেতা জান্নাতুল ইসলাম।
বুধবার সকালে মানিকগঞ্জ খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়ের মিলনায়তনে বিজ্ঞান বিতর্ক উৎসবের উদ্বোধন করেন বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুল হোসেন খান। এ সময় বিজ্ঞান বিতর্ক উৎসবের বিষয়বস্তু তুলে ধরে বক্তব্য দেন সমকাল জেলা প্রতিনিধি বিপ্লব চক্রবর্তী।
এবারের প্রতিযোগিতায় জেলার আটটি শিক্ষাপ্রতিষ্ঠান অংশ নেয়। এগুলো হলো—মানিকগঞ্জ সরকারি সুরেন্দ্র কুমার বালিকা উচ্চ বিদ্যালয়, মুন্নু ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ, মানিকগঞ্জ সরকারি উচ্চ বিদ্যালয়, খানবাহাদুর আওলাদ হোসেন খান উচ্চ বিদ্যালয়, কানিজ ফাতেমা গার্লস স্কুল অ্যান্ড কলেজ, নালী বড়রিয়া কৃষ্ণচন্দ্র উচ্চ বিদ্যালয়, বালিয়াটি ঈশ্বর চন্দ্র উচ্চ বিদ্যালয় এবং আফরোজা রমজান গার্লস স্কুল অ্যান্ড কলেজ।
বিচারকের দায়িত্ব পালন করেন সহকারী অধ্যাপক আশুতোষ রায়, জাপান পররাষ্ট্র মন্ত্রণালয়ের নির্বাহী সমন্বয়ক রিপন খান এবং সমকাল সুহৃদ জেলার যুগ্ম সাধারণ সম্পাদক ও সাবেক বিতার্কিক মো. রাতুল শেখ। সহযোগী অধ্যাপক রুহুল জামাল সুজন সঞ্চালকের দায়িত্ব পালন করেন। সময় নিয়ন্ত্রণে ছিলেন সমকাল সাটুরিয়া প্রতিনিধি জাহাঙ্গীর আলম।
চূড়ান্ত পর্ব শেষে চ্যাম্পিয়ন ও রানার্সআপ দলের বিতার্কিকদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেন জেলা প্রশাসকের পক্ষে সহকারী কমিশনার (শিক্ষা) মাসদু আলী শাহরিয়ার, খানবাহাদুর আওলাদ হোসেন খান কলেজের ম্যানেজিং কমিটির সভাপতি পিপি এফএম নূরতাজ আলম বাহার, বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি হাবিবুল হোসেন ও প্রধান শিক্ষক আব্দুল মজিদ মোল্লা।
এ সময় নূরতাজ আলম বাহার বলেন, সারা দেশে শিক্ষার্থীদের নিয়ে বিজ্ঞান বিতর্কের আয়োজন করায় সমকাল প্রশংসার দাবিদার। একজন শিক্ষার্থী বিতর্ক ও এ ধরনের সৃজনশীল চর্চার সঙ্গে যুক্ত থাকলে সে মাদক ও কিশোর গ্যাংয়ের মতো অপরাধমূলক কর্মকাণ্ড থেকে দূরে থাকবে।
- বিষয় :
- বিতর্ক উৎসব
- সমকাল