ঢাকা মঙ্গলবার, ২০ অক্টোবর ২০২৬

বাংলার শেকড়ের স্বাদ ছড়িয়ে দিতে নবাবগঞ্জে ‘নাড়ু উৎসব’

বাংলার শেকড়ের স্বাদ ছড়িয়ে দিতে নবাবগঞ্জে ‘নাড়ু উৎসব’
×
×

নাড়ু

অনলাইন ডেস্ক

প্রকাশ: ০৮ অক্টোবর ২০২৬ | ১৪:৫৫

বাংলার গ্রামীণ সংস্কৃতির সঙ্গে মিশে থাকা দেশীয় খাবারের ঐতিহ্য নতুন প্রজন্মের সামনে তুলে ধরতে ঢাকার নবাবগঞ্জে আয়োজন করা হচ্ছে ‘শরৎকালীন নাড়ু উৎসব ২০২৬’।

আগামী শুক্রবার (৯ অক্টোবর) বিকেল ৪টায় নবাবগঞ্জ বাসস্ট্যান্ডসংলগ্ন কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে এ উৎসব অনুষ্ঠিত হবে। নবাবগঞ্জ ললিতকলা একাডেমি (নাফা) ও ইনভিশন অ্যাকশন রিওয়ার্ড অ্যাসেট (ইয়ারা) যৌথভাবে এ আয়োজন করছে।

আয়োজকদের দাবি, এটি বিশ্বের একমাত্র নাড়ু উৎসব। ‘মাটির সংস্কৃতি ধরে রাখব আমরা, ছড়িয়ে দেব সারা বিশ্বে’ স্লোগানে কয়েক বছর ধরে এ উৎসব আয়োজন করে আসছেন গবেষক ও সংগঠক সায়মা রহমান তুলি। তিনি এ উৎসবের প্রবর্তক।

সায়মা রহমান তুলি বলেন, গ্রামবাংলায় অতিথি আপ্যায়ন থেকে শুরু করে পারিবারিক বিভিন্ন আয়োজনে দীর্ঘদিন ধরে নাড়ুর ব্যবহার হয়ে আসছে। নানা খাবারের ভিড়ে দেশীয় খাবারের এই ঐতিহ্য যেন হারিয়ে না যায়, সে লক্ষ্যেই এ আয়োজন। পাশাপাশি নিজেদের হাতে বিভিন্ন ধরনের নাড়ু তৈরি করা মানুষকে উৎসাহিত করাও উৎসবের অন্যতম উদ্দেশ্য।

উৎসবে থাকবে নাড়ু প্রতিযোগিতা, সাংস্কৃতিক অনুষ্ঠান, সম্মাননা ও পুরস্কার বিতরণ। পরিচ্ছন্নতা, স্বাদ ও ডেকোরেশনের ভিত্তিতে প্রতিযোগিতায় প্রথম, দ্বিতীয় ও তৃতীয় স্থান অর্জনকারীদের বিশেষ সম্মাননা ও পুরস্কার দেওয়া হবে। অংশগ্রহণকারী প্রত্যেককে দেওয়া হবে সনদপত্র ও ক্রেস্ট।

প্রতিযোগিতায় অংশ নিতে প্রতিযোগীদের নিজেদের হাতে তৈরি পর্যাপ্ত পরিমাণ নাড়ু নিয়ে আসতে হবে। অনুষ্ঠানস্থলে বিকেল ৩টা থেকে ১০০ টাকা দিয়ে রেজিস্ট্রেশন করা যাবে।

আয়োজনে উদ্বোধক হিসেবে থাকবেন অবসরপ্রাপ্ত সরকারি কর্মকর্তা ও প্রাক্তন ছাত্র সমিতি, ঢাকা, নবাবগঞ্জ সরকারি পাইলট উচ্চ বিদ্যালয় ও কলেজের সভাপতি মাহমুদ আলী খান টুলু। প্রধান অতিথি হিসেবে থাকবেন ঢাকা-১ আসনের সংসদ সদস্য খন্দকার আবু আশফাক। বিশেষ অতিথি হিসেবে থাকবেন নবাবগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা ইয়াসিন খন্দকার।

বিশেষ সম্মাননা দেওয়া হবে ঢাকা বিশ্ববিদ্যালয়ের নৃত্যকলা বিভাগের সহকারী অধ্যাপক ও চেয়ারপার্সন তামান্না রহমান এবং উদ্যোক্তা ও রোদসী ম্যাগাজিনের সম্পাদককে।

নাড়ু প্রতিযোগিতার বিচারক থাকবেন সেলিব্রিটি রন্ধনশিল্পী ও কুলিনারি অ্যান্ড আয়ুর্বেদিক এক্সপার্ট রাহিমা সুলতানা রীতা। অনলাইনে যুক্ত থাকবেন অভিনেত্রী ও কণ্ঠশিল্পী ইন্দ্রাণী ভট্টাচার্য এবং উদ্যোক্তা অমৃতা দত্ত।

উৎসবে সভাপতিত্ব করবেন নবাবগঞ্জ ললিতকলা একাডেমির ব্যবস্থাপনা পরিচালক লতিফা রহমান লতা। পুরো আয়োজনের পরিকল্পনা, পরিচালনা ও উপস্থাপনায় থাকবেন উৎসবের প্রবর্তক সায়মা রহমান তুলি।

আয়োজকদের প্রত্যাশা, নাড়ুকে ঘিরে এ আয়োজন শুধু প্রতিযোগিতা বা সাংস্কৃতিক অনুষ্ঠানে সীমাবদ্ধ থাকবে না; বরং বাংলার গ্রামীণ ঐতিহ্য ও দেশীয় খাবারের সঙ্গে নতুন প্রজন্মের পরিচয় করিয়ে দেওয়ার উদ্যোগ হিসেবে ভূমিকা রাখবে।

‘এসো, নাড়ুর স্বাদে শেকড়ের গল্প বলি। এসো, বাংলার ঐতিহ্যকে নতুন প্রজন্ম ও বিশ্বের কাছে পৌঁছে দিই’—এ আহ্বান নিয়েই অনুষ্ঠিত হবে এবারের নাড়ু উৎসব।

আরও পড়ুন

×