ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী

দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে: স্বরাষ্ট্রমন্ত্রী
×
×

স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। ছবি: সমকাল

চারঘাট (রাজশাহী) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৫:৪৪ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১৫:৪৮

বর্তমান সরকারের সময়ে দেশে কোনো গুম, ক্রসফায়ার বা বিচারবহির্ভূত হত্যাকাণ্ডের ঘটনা ঘটেনি বলে দাবি করেছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ। তিনি বলেছেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি আগের তুলনায় ভালো রয়েছে।

বৃহস্পতিবার সকালে রাজশাহীর চারঘাটের সারদায় বাংলাদেশ পুলিশ একাডেমিতে প্রশিক্ষণ সমাপনী অনুষ্ঠান শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।

এদিন একাডেমিতে ২৭তম শিক্ষানবিশ সার্জেন্ট ও ৪৩তম ক্যাডেট সাব-ইন্সপেক্টর (এসআই) ব্যাচের প্রশিক্ষণ সমাপনী কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে আইনশৃঙ্খলা পরিস্থিতি, রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগ, আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার গুঞ্জন, নাটোরে সংসদ সদস্যের ছেলের গ্রেপ্তার এবং চলমান উপনির্বাচন নিয়ে কথা বলেন স্বরাষ্ট্রমন্ত্রী।

আগামী ডিসেম্বরে আওয়ামী লীগ নেত্রীর দেশে ফেরার গুঞ্জন নিয়ে এক প্রশ্নের জবাবে তিনি বলেন, কে কখন আসতে চাচ্ছেন, সেটি আমাদের দেখার বিষয় নয়। সরকার দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় কাজ করছে। প্রচলিত আইন অনুযায়ীই সবার বিচার হবে।

নাটোরে সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, দেশে আইনের শাসন প্রতিষ্ঠিত হয়েছে বলেই একজন সংসদ সদস্যের ছেলেকে গ্রেপ্তার করে রিমান্ডে নেওয়া সম্ভব হয়েছে।

চলমান উপনির্বাচন প্রসঙ্গে তিনি বলেন, নির্বাচন যথেষ্ট ভালো হচ্ছে। এখন পর্যন্ত প্রায় ৩০ শতাংশ ভোট পড়েছে।

রাজনৈতিক বিবেচনায় বাদ পড়া পুলিশ কর্মকর্তাদের পুনর্নিয়োগের বিষয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বিগত সময়ে রাজনৈতিক কারণে বাদ পড়া কর্মকর্তাদের পুনরায় নিয়োগের উদ্যোগ নিয়েছে বর্তমান সরকার।

এর আগে গত ২ আগস্ট সরকার ৫৮ জন বিসিএস পুলিশ কর্মকর্তাকে নিয়োগ দেয়। তাদের মধ্যে ২৭তম বিসিএসের ৫৭ জন এবং ২৮তম বিসিএসের একজন কর্মকর্তা রয়েছেন। ২০০৭ সালে তৎকালীন তত্ত্বাবধায়ক সরকার অনিয়ম ও দুর্নীতির অভিযোগে তাদের প্রথম মৌখিক পরীক্ষার ফল বাতিল করেছিল।

সম্প্রতি এক ফ্লাইট লেফটেন্যান্টের মরদেহ উদ্ধারের ঘটনা নিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে আপাতত কোনো মন্তব্য করতে রাজি হননি স্বরাষ্ট্রমন্ত্রী।

আরও পড়ুন

×