চট্টগ্রামে আইনজীবী আলিফ হত্যা
প্রত্যক্ষদর্শী অ্যাডভোকেট শরীফের সাক্ষ্য ও জেরা
আইনজীবী সাইফুল ইসলাম আলিফ
চট্টগ্রাম ব্যুরো
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৬:৫৬
চট্টগ্রামের আদালতপাড়ার নিচে জেলা আইনজীবী সমিতির সদস্য অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যা মামলার প্রত্যক্ষদর্শী সাক্ষী অ্যাডভোকেট মোহাম্মদ শরীফের সাক্ষ্যগ্রহণ ও জেরা শেষ করেছেন আদালত। আজ বৃহস্পতিবার চট্টগ্রাম বিভাগীয় দ্রুত বিচার ট্রাইব্যুনালের বিচারক ফজলে খোদা মো. নাজিরের আদালতে সাক্ষ্যগ্রহণ ও জেরা অনুষ্ঠিত হয়। শুনানিতে চিন্ময় কৃষ্ণ দাস ভার্চুয়ালি হাজির করা হয়। অন্য আসামিদের কারাগার থেকে আদালতে হাজির করা হয়। মামলার পরবর্তী দিন আগামী ২৯ নভেম্বর দিন ধার্য করেছেন আদালত।
রাষ্ট্রপক্ষের আইনজীবী এপিপি রায়হানুল ওয়াজেদ চৌধুরী বলেন, আলিফ হত্যা মামলায় রাষ্ট্রপক্ষের গুরুত্বপূর্ণ সাক্ষী অ্যাডভোকেট মোহাম্মদ শরীফকে জেরা করেছেন আসামিপক্ষের আইনজীবীরা। তিনি ঘটনার প্রত্যক্ষদর্শী এবং বর্তমানে জেলা আদালতের অতিরিক্ত পাবলিক প্রসিকিউটর হিসেবে দায়িত্ব পালন করছেন। মামলার আসামি চিন্ময় দাসকে নিরাপত্তাজনিত কারণে আদালতে সরাসরি হাজির না করে ভার্চুয়ালি যুক্ত করা হয়। চিন্ময় দাসের পক্ষে তার আইনজীবী জেরার জন্য সময় প্রার্থনা করেন।
তিনি আরও জানান, এর আগে রাষ্ট্রপক্ষের উপস্থাপিত তিনজন সাক্ষীকে তিনি জেরা করেননি। অন্য আসামিদের পক্ষে তাদের নিয়োজিত আইনজীবীরা সাক্ষীকে জেরা করেন। এ ছাড়া মামলার আসামি রাজীব ভট্টাচার্য নিজেই আইনজীবীর সহায়তা না নিয়ে সাক্ষীকে জেরা করার কথা আদালতকে জানান। এর আগে তিনি নিজেই আরও দুই সাক্ষীকে জেরা করেছিলেন।
২০২৪ সালের ২৬ নভেম্বর চট্টগ্রাম আদালত ভবন এলাকায় সনাতনী জাগরণ জোটের মুখপাত্র চিন্ময় কৃষ্ণ দাস ব্রহ্মচারীর জামিনকে কেন্দ্র করে সংঘর্ষে আইনজীবী আলিফকে পিটিয়ে ও কুপিয়ে হত্যা করা হয়। এ ঘটনায় তার বাবা জামাল উদ্দিন বাদী হয়ে নগরের কোতোয়ালী থানায় ৩১ জনের নাম উল্লেখ করে হত্যা মামলা দায়ের করেন। ২০২৫ সালের ১ জুন আলিফ হত্যা মামলায় আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। মামলায় চিন্ময়সহ ৩৮ জনকে আসামি করা হয়। ২০২৫ বছরের ২৫ আগস্ট চিন্ময় কৃষ্ণসহ আসামিদের বিরুদ্ধে বিচার শুরু করে হয়।
- বিষয় :
- চট্টগ্রাম
- আলিফ হত্যা