ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ

গাজীপুরে গ্যাস লিকেজের আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ
×
×

ছবি- সংগৃহীত

কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধি

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৭:৫৯

গাজীপুর মহানগরীর কাশিমপুরের সারদাগঞ্জ এলাকায় গ্যাস লিকেজ থেকে সৃষ্ট আগুনে একই পরিবারের পাঁচজন দগ্ধ হয়েছেন। বৃহস্পতিবার সকাল সাড়ে ৮টার দিকে এ ঘটনা ঘটে। দগ্ধ ব্যক্তিদের ঢাকার জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে ভর্তি করা হয়েছে।

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসিম জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটের রেসিডেন্ট সার্জন (ইমার্জেন্সি) ডা. সুলতান মাহমুদ শিকদারের বরাত দিয়ে বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, দগ্ধ সবাইকে প্রয়োজনীয় চিকিৎসা দেওয়া হচ্ছে এবং পর্যবেক্ষণে রাখা হয়েছে।

দগ্ধ ব্যক্তিরা হলেন, রিয়াজুল শেখ, আরিফা বেগম, ফারিয়া, রোজিনা ও এক বছর বয়সী শিশু মো. রহিম।

দগ্ধদের মধ্যে রিয়াজুল শেখের শরীরের ৪০ শতাংশ, আরিফা বেগমের ৫ শতাংশ এবং ফারিয়ার ৮ শতাংশ পুড়ে গেছে। ১৮ বছর বয়সী রোজিনা ও এক বছর বয়সী রহিমের শরীরের ১ শতাংশের কম পুড়েছে। তাঁদের মধ্যে রিয়াজুল শেখের অবস্থা আশঙ্কাজনক।

আরও পড়ুন

×