ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

দুদকের মামলায় ঢাকার সাবেক কাউন্সিলর সাঈদের কারাদণ্ড

দুদকের মামলায় ঢাকার সাবেক কাউন্সিলর সাঈদের কারাদণ্ড
×
×

একেএম মমিনুল হক সাঈদ। ফাইল ছবি

আদালত প্রতিবেদক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৮:২৭

অবৈধ সম্পদ অর্জনের অভিযোগে দুর্নীতির মামলায় ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) ৯ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর পলাতক একেএম মমিনুল হক সাঈদকে পৃথক দুই ধারায় ৭ বছর কারাদণ্ড দিয়েছেন আদালত।

ঢাকার বিশেষ জজ আদালত-৪ এর বিচারক হামিদুল ইসলাম বৃহস্পতিবার এ রায় ঘোষণা করেন।

দুদকের প্রসিকিউটর এস এম আবুল কালাম আজাদ সাংবাদিকদের বলেন, জ্ঞাত আয় বহির্ভূত সম্পদ অর্জনের দায়ে আসামিকে পাঁচ বছরের কারাদণ্ড ও অপরাধমূলক অসদাচরণে দায়ে আরও ২ বছরের কারাদণ্ড দেওয়া হয়েছে। এছাড়া অবৈধভাবে অর্জিত ৫ কোটি ৬০ লাখ ৩৩ হাজার ২২৪ টাকা জরিমানা করা হয়েছে। একইসঙ্গে তার অবরুদ্ধ থাকা ২ কোটি ৯৩ লাখ টাকা বাজেয়াপ্ত করা হয়েছে।

দুই ধারার সাজা একত্রে চলবে বিধায় সাঈদকে পাঁচ বছরের কারাদণ্ড ভোগ করতে হবে বলে জানান তিনি। মমিনুল হক সাঈদ পলাতক থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানাসহ গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

চার কোটি ৪৭ লাখ ৬৬ হাজার ২৬১ টাকার অবৈধ সম্পদ অর্জনের অভিযোগ এনে ২০১৯ সালের ২০ নভেম্বর দুদক এ মামলা করে।

মামলায় বলা হয়, সাবেক কাউন্সিলর মমিনুল হক সাঈদ ক্ষমতার অপব্যবহার করে ক্যাসিনো ব্যবসা বিভিন্ন অবৈধ ব্যবসা ও অবৈধ কার্যক্রমের মাধ্যমে এই সম্পদ অর্জন করেন; যা তার জ্ঞাত আয়ের সঙ্গে অসংগতিপূর্ণ।

মামলার তদন্ত শেষে ২০২২ সালের ১৭ এপ্রিল আতাউর রহমান সরকার আদালতে অভিযোগপত্র জমা দেন। এরপর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। বিচার চলাকালে আদালত ১৩ সাক্ষীর সাক্ষ্য গ্রহণ করেন আদালত।

আরও পড়ুন

×