ঢাকা বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬

৪২ বছর ভারতে থাকার পরও দেশ ছাড়ার নোটিশ, নথি চাইলেন ইমরান

৪২ বছর ভারতে থাকার পরও দেশ ছাড়ার নোটিশ, নথি চাইলেন ইমরান
×
×

ইমরান খান

বিনোদন ডেস্ক

প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৯:২৪

জীবনের ৪০ বছর ভারতে কাটিয়েছেন। সেখানে গড়ে তুলেছেন সংসার, তৈরি করেছেন নিজের ক্যারিয়ার। অথচ এবার সেই দেশ ছাড়ার নোটিশ পেয়েছেন অভিনেতা ইমরান খান। তার ওভারসিজ সিটিজেনশিপ অব ইন্ডিয়া (ওসিআই) কার্ড বাতিল হওয়ার আশঙ্কাও তৈরি হয়েছে। এবার তাকে ভারত ছাড়ার নির্দেশ দেওয়ার পেছনে কী তথ্যপ্রমাণ রয়েছে, তা জানতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছে আবেদন জানিয়েছেন এই অভিনেতা।

ইমরানের অভিযোগ, মুম্বাই পুলিশের দেওয়া নথি ও প্রতিবেদনের ভিত্তিতে তাকে শোকজ নোটিশ পাঠানো হলেও সেগুলো তাকে দেখানো হয়নি। ফলে তার বিরুদ্ধে আনা অভিযোগের যথাযথ জবাব দেওয়ার সুযোগ পাচ্ছেন না তিনি। এদিকে, বম্বে হাইকোর্ট আপাতত ওই নোটিশের ওপর স্থগিতাদেশ দিয়েছেন।

গত ২২ অক্টোবর বিদেশি নাগরিকদের নিবন্ধনের দায়িত্বে থাকা সংশ্লিষ্ট দপ্তরকে চিঠি দেন ইমরান। সেখানে তিনি জানান, গত ১৭ অক্টোবর তাঁকে শোকজ নোটিশপাঠানো হয়েছিল। ওই নোটিশে মুম্বাই পুলিশের জমা দেওয়া কয়েকটি নথি ও প্রতিবেদনের উল্লেখ ছিল। কিন্তু সেগুলোর অনুলিপি তাঁকে দেওয়া হয়নি বলে অভিযোগ করেন অভিনেতা।

ইমরানের বক্তব্য, অভিযোগের ভিত্তি হিসেবে যেসব নথি ব্যবহার করা হয়েছে, সেগুলো না দেখে যথাযথ জবাব দেওয়া সম্ভব নয়। নোটিশে তার নামে যে বক্তব্য উল্লেখ করা হয়েছে, সেটিও অসম্পূর্ণ বলে দাবি করেছেন তিনি। এ ছাড়া এফআইআর-সংশ্লিষ্ট বিষয়ে মুম্বাই পুলিশ তার বক্তব্য নথিভুক্ত করার চেষ্টা করেনি বলেও অভিযোগ তার।

চিঠিতে ইমরান বলেন, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে যেসব নথির ওপর নির্ভর করা হচ্ছে, সেগুলো তাঁকে দেওয়া হলে পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা ও ন্যায্যতা বজায় থাকবে। নোটিশে উল্লেখ করা কারণগুলোও অস্পষ্ট ও পরস্পরবিরোধী বলে দাবি করেছেন তিনি। প্রয়োজনীয় নথি না পেলে নিজের অবস্থান যথাযথভাবে তুলে ধরতে পারবেন না এবং এর ফলে তার ওসিআই কার্ড বাতিল হয়ে যেতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছেন অভিনেতা।

গত ১০ অক্টোবর মুম্বাইয়ের অগস্ট ক্রান্তি ময়দানের কাছে তরুণদের একটি প্রতিবাদ কর্মসূচির এলাকায় উপস্থিত ছিলেন ইমরান। ভোটার তালিকায় অনিয়মের অভিযোগ তুলে মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমারের পদত্যাগের দাবিতে ওই বিক্ষোভের আয়োজন করা হয়েছিল। এর পরই অভিনেতাকে ভারত ছাড়ার নোটিশ পাঠানো হয়। ২৮ অক্টোবরের মধ্যে তাঁকে দেশ ছাড়তে বলা হয়েছিল।

নোটিশের বৈধতা চ্যালেঞ্জ করে বম্বে হাইকোর্টের দ্বারস্থ হন ইমরান। মঙ্গলবার আদালত ২ নভেম্বর পর্যন্ত নোটিশের ওপর স্থগিতাদেশ দেন। মামলার জবাব দেওয়ার জন্য বিদেশি নাগরিকদের নিবন্ধনের দায়িত্বে থাকা দপ্তর আরও সময় চেয়েছে। এদিকে, মূল সময়সীমা অনুযায়ী ২৮ অক্টোবর তাঁকে ভারত ছাড়তে হবে না বলে আদালতে আশ্বাস দেওয়া হয়েছে।

ইমরান দাবি করেছেন, তিনি কোনো নিয়ম ভাঙেননি। ঘটনাস্থলে পৌঁছানোর সময় সেখানে কোনো বিক্ষোভ চলছিল না বলেও দাবি তার। পুলিশি ব্যারিকেড টপকে প্রতিবাদস্থলে প্রবেশ করেননি বলে জানিয়েছেন অভিনেতা। তার ভাষ্য অনুযায়ী, গাড়ির দিকে ফেরার সময় সংবাদমাধ্যমের প্রতিনিধিরা তাঁকে ঘিরে ধরেন। এরপর তাকে আটক করা হয়।

মার্কিন নাগরিক ইমরানের বক্তব্য, ওসিআই কার্ডধারীদের ক্ষেত্রে আলাদা আইনি বিধান রয়েছে। ভারতে চার দশকেরও বেশি সময় ধরে বসবাস করার পরও তার বিরুদ্ধে এমন পদক্ষেপ নেওয়া অতিরিক্ত কঠোর বলেও মনে করেন তিনি। সূত্র: দ্য ওয়াল

আরও পড়ুন

×