প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের আনুষ্ঠানিক উন্মোচন
ছবি-সংগৃহীত
অনলাইন ডেস্ক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ২০:২৭
গবেষণা ও একাডেমিক প্রকাশনা কার্যক্রমকে আরও গতিশীল করার লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের আনুষ্ঠানিক উন্মোচন করা হয়েছে। গত ১১ অক্টোবর রোববার বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে এ উপলক্ষে অনুষ্ঠানের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মোহাম্মদ আব্দুল মান্নান চৌধুরী। এতে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মোহাম্মদ আনোয়ারুল কবির, স্কুল অব ইঞ্জিনিয়ারিংয়ের ডিন অধ্যাপক ড. মীর মোহাম্মদ আজাদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক আবুল কালাম, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমান, রেজিস্ট্রার মোহাম্মদ সাকির হোসেন এবং আইকিউএসির অতিরিক্ত পরিচালক মোহাম্মদ আসাদুজ্জামান উপস্থিত ছিলেন।
এ ছাড়া অর্থনীতি বিভাগের সহযোগী অধ্যাপক ও বিভাগীয় প্রধান ড. মোহাম্মদ সামিউল ইসলাম, সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান তাহমিদ মোস্তফা, ইংরেজি বিভাগের সহকারী অধ্যাপক ও বিভাগীয় প্রধান নাজলা ফাতমি এবং অ্যাডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের ডেপুটি ডিরেক্টর ও প্রধান জাহিদ হাসানসহ বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও কর্মকর্তারা অনুষ্ঠানে অংশ নেন।
বিশ্ববিদ্যালয় সূত্রে জানানো হয়, প্রেসিডেন্সি ইউনিভার্সিটি জার্নালের মাধ্যমে শিক্ষক, গবেষক ও শিক্ষাবিদদের গবেষণালব্ধ ফলাফল প্রকাশ এবং জ্ঞান বিনিময়ের সুযোগ সম্প্রসারিত হবে। পাশাপাশি উচ্চশিক্ষার মানোন্নয়ন ও গবেষণাভিত্তিক জ্ঞানচর্চায় জার্নালটি ভূমিকা রাখবে বলে প্রত্যাশা করা হচ্ছে।
জার্নালটির আন্তর্জাতিক প্রকাশনা-পরিচিতি এবং গবেষণাপত্রের শনাক্তকরণব্যবস্থা উন্নত করতে এতে ডিওআই (ডিজিটাল অবজেক্ট আইডেন্টিফায়ার) প্রিফিক্স 10.66460 যুক্ত করা হয়েছে। এর মাধ্যমে প্রকাশিত গবেষণাপত্রের স্বতন্ত্র ডিজিটাল পরিচিতি নিশ্চিত করা, উদ্ধৃতি প্রদান এবং অনলাইনে গবেষণাপত্র খুঁজে পাওয়ার সুযোগ বাড়বে। জার্নালটির প্রকাশনা কার্যক্রমকে আন্তর্জাতিক গবেষণা পরিমণ্ডলের সঙ্গে যুক্ত করার ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে।
অনুষ্ঠানে অতিথিরা জার্নালটির প্রকাশনা কার্যক্রমের সাফল্য কামনা করেন। তাঁরা আশা প্রকাশ করেন, নিয়মিত মানসম্মত গবেষণাপত্র প্রকাশের মাধ্যমে জার্নালটি জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে পরিচিতি অর্জন করবে এবং বিশ্ববিদ্যালয়ের একাডেমিক সুনাম বৃদ্ধিতে অবদান রাখবে।
জার্নালটির সম্পাদকীয় দলের নেতৃত্বে রয়েছেন সম্পাদক মো. আনিসুর রহমান। দলের অন্য সদস্যরা হলেন সহসম্পাদক মো. হাবিবুল্লাহ এবং সহযোগী সম্পাদক মো. আজিজুল ইসলাম আশিক। সংবাদ বিজ্ঞপ্তি
- বিষয় :
- শিক্ষা