ফরিদপুর
প্রকাশ্য দিবালোকে কোর্ট এলাকা থেকে ১ ব্যক্তিকে অপহরণ করে কুপিয়ে জখম
প্রতীকী ছবি
ফরিদপুর অফিস
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ২১:০৮
ফরিদপুরে প্রকাশ্য দিবালোকে কোর্ট এলাকা থেকে এক ব্যক্তিকে ধরে এনে কুপিয়ে জখম করার ঘটনা ঘটেছে। একইসঙ্গে ওই ব্যক্তির হাত ও পায়ের রগ কেটে দেওয়া হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।
আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে ফরিদপুর শহরের লাশকাটা ঘর বস্তি এলাকায় শাহেদা বেগমের বাড়ির নিকটে রেললাইনের পাশে কুপিয়ে আহত করার এ ঘটনা ঘটে। পরে এলাকাবাসী জখম বাচ্ছু খাঁকে উদ্ধার করে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল পরিচালিত ট্রমা সেন্টারে নিয়ে ভর্তি করেন।
আহত ওই ব্যক্তির নাম মো. বাচ্চু খাঁ (৩২)। তিনি শহরের লক্ষ্মীপুর ডগ বস্তি এলাকার বাসিন্দা রিকশাচালক মো. লাবলু খাঁর ছেলে। বাচ্চু খাঁ বিবাহিত এবং এক ছেলে ও এক মেয়ের বাবা। তিনি (বাচ্চু খাঁ) ডেকরেটরের শ্রমিক হিসেবে কাজ করতেন।
বাচ্চু খাঁর ভাই ডেকোরেটর শ্রমিক মো. বাদল খাঁ বলেন, বাচ্চু তার এক বন্ধুর সঙ্গে দেখা করতে আজ সকালে শহরের আদালত পাড়া এলাকায় গিয়েছিলেন। ওই জায়গা থেকে অন্তত ১৫ বা ২০ জন সন্ত্রাসী বাচ্ছু খাঁকে অপহরণ করে একটি ইজিবাইকে করে কোর্ট এলাকা থেকে লাশকাটা ঘর বস্তি এলাকায় নিয়ে ধারাল অস্ত্র দিয়ে তাকে কুপিয়ে জখম করে। এসময় সন্ত্রাসীরা বাচ্চুর বাম হাত এবং দুই পায়ের রগ কেটে দেয়।
ফরিদপুর কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল হাসান বলেন, এক ব্যক্তিকে প্রকাশ্য দিবালোকে কোর্ট এলাকা থেকে তুলে নিয়ে গিয়ে কুপিয়ে জখম করা হয়েছে এ জাতীয় কোনো তথ্য তার জানা নেই।
- বিষয় :
- ফরিদপুর