সরকারি অফিসে জুতা খুলে ঢোকার নিয়ম, মাধবপুরে নানা আলোচনা
মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ২১:১৪
হবিগঞ্জের মাধবপুর উপজেলা সমাজসেবা কার্যালয়ে জুতা খুলে প্রবেশের নিয়ম চালু করা হয়েছে। প্রায় এক সপ্তাহ ধরে চালু থাকা এ নিয়ম নিয়ে সেবাগ্রহীতা ও স্থানীয়দের মধ্যে আলোচনা-সমালোচনা তৈরি হয়েছে। অভিযোগ উঠেছে, সাধারণ সেবাগ্রহীতাদের জুতা খুলে প্রবেশ করতে হলেও প্রভাবশালী কয়েকজনকে জুতা না খুলেই অফিসে ঢুকতে দেখা গেছে। এতে বৈষম্যমূলক পরিবেশ সৃষ্টি হচ্ছে বলে অভিযোগ করেছেন কেউ কেউ।
ওই কার্যালয়ের ইউনিয়ন সমাজকর্মী রঞ্জিত বিশ্বাস বলেন, শৃঙ্খলা বজায় রাখার অংশ হিসেবে এ ব্যবস্থা নেওয়া হয়েছে। বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জানেন। সবার ভালোর জন্যই এ উদ্যোগ নেওয়া হয়েছে।
উপজেলা সমাজসেবা কর্মকর্তা রুবেল মণ্ডল বলেন, জুতা রাখার জন্য বক্সের ব্যবস্থা করা হবে। অফিসে শৃঙ্খলা বজায় রাখতেই নতুন এ ব্যবস্থা চালু করা হয়েছে। তবে বিষয়টি এমন নয় যে জুতা খুলে প্রবেশ বাধ্যতামূলক।
নিয়ম নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন সেবা নিতে আসা কয়েকজন। সেবাগ্রহীতা নাজমা বেগম বলেন, এ ধরনের নিয়ম তিনি কোথাও দেখেননি। পায়ে সমস্যা থাকা সত্ত্বেও তাকে জুতা খুলে অফিসে প্রবেশ করতে হয়েছে।
উপজেলা বিএনপির সহ-সাংগঠনিক সম্পাদক মির্জা ইকরাম বলেন, সরকারি অফিসে জুতা খুলে প্রবেশের বিষয়টি আজগুবি। এ ক্ষেত্রে কার্যকর ও যুক্তিসংগত ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান তিনি।
এদিকে, একই অফিসে কেউ জুতা খুলে এবং কেউ জুতা না খুলে প্রবেশ করলে বৈষম্যের পাশাপাশি স্বাস্থ্যঝুঁকিও তৈরি হতে পারে বলে আশঙ্কা করছেন কেউ কেউ। তাদের মতে, জুতা খোলার নিয়ম থাকলে তা সবার জন্য সমানভাবে প্রযোজ্য হওয়া উচিত। বিশেষ করে পায়ের সমস্যা থাকা সেবাগ্রহীতাদের বিষয়টিও বিবেচনায় নেওয়া প্রয়োজন।
হবিগঞ্জ জেলা সমাজসেবা কার্যালয়ের সহকারী পরিচালক মো. জালাল উদ্দিন বলেন, বিষয়টি খোঁজখবর নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।
- বিষয় :
- হবিগঞ্জ