জাবির ভর্তি পরীক্ষা শুরু ১০ জানুয়ারি
ছবি: সংগৃহীত
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১১:২২ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ১১:৩০
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) ২০২৬-২৭ শিক্ষাবর্ষে প্রথম বর্ষ স্নাতক (সম্মান) শ্রেণির ভর্তি পরীক্ষা আগামী ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে অনুষ্ঠিত হবে। তবে এবারও বিভাগীয় শহরগুলোতে ভর্তি পরীক্ষা নেওয়া হচ্ছে না।
বুধবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষা শাখার ডেপুটি রেজিস্ট্রার সৈয়দ মোহাম্মদ আলী রেজা এ তথ্য জানান।
তিনি বলেন, ১০ থেকে ২১ জানুয়ারির মধ্যে শুক্রবার ও শনিবার বাদে অন্যান্য কর্মদিবসে ভর্তি পরীক্ষা নেওয়ার পরিকল্পনা রয়েছে। আবেদনপ্রক্রিয়া শেষ হলে কতটি শিফটে পরীক্ষা নেওয়া হবে, তা নির্ধারণ করে পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করা হবে।
তিনি আরও জানান, এবার আইন ও বিচার বিভাগ সমাজবিজ্ঞান অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নেবে। আগে বিভাগটি নতুন কলা অনুষদের অধীনে ভর্তি পরীক্ষায় অংশ নিত।
বিভাগীয় শহরে ভর্তি পরীক্ষা না নেওয়ার বিষয়ে বিশ্ববিদ্যালয়ের উপ-উপাচার্য (শিক্ষা) অধ্যাপক মো. শামছুল আলম বলেন, ‘জানুয়ারিতে পরীক্ষা নেওয়ার কথা চিন্তা করেই আমরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে যাই। তবে তাদের স্লট বুক ছিল। এবার বিভাগীয় শহরে পরীক্ষা নিলে আমরা এপ্রিলের দিকে স্লট পেতাম। তাই একাডেমিক কাউন্সিলের সিদ্ধান্ত অনুযায়ী এবার আমরা বিভাগীয় শহরে পরীক্ষা নিচ্ছি না। তবে পরের বার যেন নেওয়া যায়, সে লক্ষ্যে অনেক কাজ আমরা এগিয়ে রেখেছি।’
এদিকে এবারের ভর্তি পরীক্ষায় এসএসসি ও এইচএসসি পরীক্ষার জিপিএর ওপর বরাদ্দ নম্বর ২০ থেকে কমিয়ে ১০ করা হয়েছে। এমসিকিউ অংশে ৯০ নম্বর নির্ধারণ করা হয়েছে। ফলে ভর্তি পরীক্ষায় মোট ১০০ নম্বরের ভিত্তিতে শিক্ষার্থীদের মূল্যায়ন করা হবে।
ভর্তি পরীক্ষার আবেদন ফি ও অন্যান্য নির্দেশনা পরবর্তী সময়ে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে প্রকাশ করা হবে বলে জানান ডেপুটি রেজিস্ট্রার।