সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ
ফাইল ছবি
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ২০:২১ | আপডেট: ২৯ অক্টোবর ২০২৬ | ২০:৩৪
জুলাই গণঅভ্যুত্থানের সময় সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা ও বিশিষ্ট ব্যবসায়ী সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের আবেদন নাকচ করেছে বাংলাদেশ বার কাউন্সিল। বৃহস্পতিবার কাউন্সিলের চেয়ারম্যান ব্যারিস্টার রুহুল কুদ্দস কাজলের সভাপতিত্বে অনুষ্ঠিত বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। বিষয়টি তিনি সমকালকে নিশ্চিত করেছেন।
এর আগে, ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার উপদেষ্টা সালমান এফ রহমানের পক্ষ নিয়ে আইনি লড়াই করার জন্য বার কাউন্সিলে আবেদন করেন গ্রায়েম এল হল নামে বিদেশি এক আইনজীবী। গত ৩০ আগস্ট বিষয়টি নিশ্চিত করেছিলেন আসামিপক্ষের আইনজীবী মুনসুরুল হক চৌধুরী।
সালমান এফ রহমানের পক্ষে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে আইনি লড়াই করতে চেয়ে গত ১৪ আগস্ট বার কাউন্সিলের সচিবের কাছে এ আবেদন করেন যুক্তরাজ্যের আইনজীবী গ্রায়েম এল হল। ওই আবেদনে আন্তর্জাতিক অপরাধ (ট্রাইব্যুনাল) আইন, ১৯৭৩-এর ধারা ১১(৮)-এর বিধান উল্লেখ করেন তিনি।
গ্রায়েম জানিয়েছিলেন, বাংলাদেশ থেকে নিয়োজিত স্থানীয় আইনজীবীদের পাশাপাশি সালমান ফজলুর রহমানের পক্ষে ট্রাইব্যুনালে বিদেশি আইনজীবী হিসেবে তাকে উপস্থিত থাকার অনুমতি দেওয়া হোক। আবেদনের সঙ্গে নিজের প্রোফাইল ও অন্যান্য প্রাসঙ্গিক কাগজপত্রও সংযুক্ত করেছিলেন তিনি। লন্ডনের ডাউটি স্ট্রিট চেম্বারের কাউন্সেল গ্রায়েম এল হল স্বাক্ষরিত আবেদনটি গত ২৪ আগস্ট গ্রহণ করে বার কাউন্সিল।
এর আগে, ২০২৫ সালের ১০ ডিসেম্বর সালমান এফ রহমানের পক্ষে বিদেশি আইনজীবী চেয়ে ট্রাইব্যুনাল-১ এ অনুমতি চান মুনসুরুল হক চৌধুরী। তবে তার এ আবেদনে আপত্তি জানায় রাষ্ট্রপক্ষ। আসামিপক্ষের আইনজীবীর বক্তব্য অনুযায়ী, বিদেশি আইনজীবী নিয়োগের ক্ষেত্রে প্রথমে ট্রাইব্যুনালের অনুমতি এবং পরে বার কাউন্সিলের অনুমোদন প্রয়োজন। তবে বার কাউন্সিল আবেদনটি নাকচ করায় সালমান এফ রহমানসহ পাঁচ আসামির পক্ষে বিদেশি আইনজীবী নিয়োগের উদ্যোগ বাধার মুখে পড়ল।
- বিষয় :
- সালমান এফ রহমান
- আইনজীবী