বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনায় সমন্বিত সার্কুলার জারি বাংলাদেশ ব্যাংকের
ছবি-সংগৃহীত
সমকাল প্রতিবেদক
প্রকাশ: ২৯ অক্টোবর ২০২৬ | ১৮:২৬
বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও লেনদেনের কার্যক্রম সহজ ও সুশৃঙ্খল করতে বিদ্যমান বিধিবিধান ও নির্দেশনা একত্র করে সমন্বিত সার্কুলার জারি করেছে বাংলাদেশ ব্যাংক। বৃহস্পতিবার জারি করা এ সার্কুলারে বৈদেশিক মুদ্রার বিনিময় হার, অনুমোদিত ডিলার ব্যাংকের লেনদেন, আমদানি বাণিজ্যে ঝুঁকি ব্যবস্থাপনাসহ বিভিন্ন বিষয়ে নির্দেশনা অন্তর্ভুক্ত করা হয়েছে।
ফরেন এক্সচেঞ্জ রেগুলেশন অ্যাক্ট, ১৯৪৭-এর ২০(৩) ধারার ক্ষমতাবলে সার্কুলারটি জারি করা হয়েছে। এর মাধ্যমে গাইডলাইনস ফর ফরেন এক্সচেঞ্জ ট্রানজেকশন-২০১৮-এর প্রথম খণ্ডে অন্তর্ভুক্ত বৈদেশিক মুদ্রা ব্যবস্থাপনা ও কার্যক্রমসংক্রান্ত বিদ্যমান নির্দেশনা এবং পরবর্তী সময়ে জারি করা সার্কুলারগুলো রহিত করা হয়েছে। তবে গাইডলাইনসের দ্বিতীয় খণ্ডে থাকা মাসিক প্রতিবেদন দাখিলসংক্রান্ত নির্দেশনা বহাল থাকবে।
নতুন সার্কুলারে বৈদেশিক মুদ্রার বিনিময় হার ও প্রতিবেদন দাখিল, বাংলাদেশ ব্যাংকের সঙ্গে অনুমোদিত ডিলার (এডি) ব্যাংকগুলোর লেনদেন, এশিয়ান ক্লিয়ারিং ইউনিয়নের (এসিইউ) মাধ্যমে অর্থ পরিশোধ ও নিষ্পত্তি, বৈদেশিক মুদ্রার হিসাব এবং ওপেন পজিশন সীমা নিয়ে নির্দেশনা দেওয়া হয়েছে।
এ ছাড়া নস্ট্রো হিসাবের সমন্বয়, ফরওয়ার্ড লেনদেন, সোয়াপ এবং আমদানি বাণিজ্যে পণ্যমূল্যের ঝুঁকি হেজিংসংক্রান্ত বিধানও এতে অন্তর্ভুক্ত রয়েছে। ভার্চুয়াল সম্পদ ও ভার্চুয়াল মুদ্রার বিনিময়, স্থানান্তর ও লেনদেনের ওপর নিষেধাজ্ঞাসংক্রান্ত নির্দেশনাও রাখা হয়েছে সার্কুলারে।
সার্কুলারটি জারির তারিখ থেকে এক বছর পর্যন্ত কার্যকর থাকবে। এ সময়ের মধ্যে জারি করা নতুন নির্দেশনাগুলোও সমন্বিত সার্কুলারের সঙ্গে মিলিয়ে অনুসরণ করতে হবে।
খাতসংশ্লিষ্ট ব্যক্তিরা এ উদ্যোগকে স্বাগত জানিয়েছেন। তাঁদের মতে, বিভিন্ন সময়ে জারি করা বিচ্ছিন্ন নির্দেশনা একত্র করায় বৈদেশিক মুদ্রাসংক্রান্ত বিধিবিধান খুঁজে পাওয়া, বোঝা ও অনুসরণ করা সহজ হবে। এতে অনুমোদিত ডিলার ব্যাংকসহ সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর জন্য নির্দেশনা অনুসরণে সুবিধা হবে।
- বিষয় :
- বাংলাদেশ ব্যাংক