বরিশালের ৬ রুটে বাস চলাচল বন্ধ
তিন চাকার যানবহন বন্ধের দাবি
বাস চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়েন যাত্রীরা
বরিশাল ব্যুরো
প্রকাশ: ০২ নভেম্বর ২০২৬ | ১৭:৫০
বরিশাল নগরীঘেষা কীর্তণখোলা নদীর পূর্ব তীরে ছয়টি রুটে বাস চলাচল বন্ধ করে দিয়েছে সেখানকার বাস মালিক সমিতি। এসব রুটে তিন চাকার যানবহন চলাচল বন্ধের দাবিতে সোমবার সকাল থেকে বাস চলাচল বন্ধ করে দেওয়া হয়। এতে ভোগান্তিতে পড়েছেন যাত্রীরা।
কীর্তণখোলার পূর্ব তীরে সদর উপজেলার চরকাউয়া খেয়াঘাট থেকে বাকেরগঞ্জ উপজেলার ডিসি রোড, লক্ষ্মীপাশা, কাটাদিয়া, হলতা ও সিদ্দিক বাজার এবং ভোলা সড়কের লাহারহাট রুটে ৭০টি বাস চলাচল করে। এসব রুটের নিয়ন্ত্রক সংগঠন হচ্ছে চরকাউয়া বাস ও মিনিবাস মালিক সমিতি। পটুয়াখালীর বাউফল, দশমিনা ও দুমকি উপজেলার যাত্রীরা সংক্ষিপ্ত পথের জন্য এ রুটে যাতায়াত করেন।
মালিক সমিতির সভাপতি মামুন খন্দকার জানিয়েছেন, তিন চাকার যানবহনের কারণে বাস দুর্ঘটনা প্রায় ঘটছে। পাশাপাশি বাসের সঙ্গে পাল্লা দিয়ে তিন চাকার যানবাহন চালনো হয়। এতে প্রতিনিয়তই দুর্ঘটনার আশঙ্কা করা হচ্ছে।
তিনি জানান, বাস চলাচল রুটের সড়কে তিন চাকার যানবহন বন্ধের দাবিতে মালিকরা বাস চলচল বন্ধ করে দিয়েছেন। বিষয়টি সমাধানের জন্য তারা প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেছেন।
সাইফুল ইসলাম, জামাল মুন্সি, সৈয়দ আবু বক্কর নামের তিন যাত্রী জানান, বাস বন্ধ থাকায় মোটরসাইকেল ও রিকশাযোগে গন্তব্যে পৌঁছাতে হচ্ছে। এতে বাড়তি ভাড়া গুণতে হচ্ছে তাদের।
বরিশাল জেলা প্রশাসক মো. মামুন খন্দকার বলেন, দুইপক্ষের সঙ্গে আলোচনা করে সমস্যা সমাধানের চেষ্টা চলছে। দ্রুত সমাধান হবে বলে আশা করছি।
- বিষয় :
- বাস চলাচল
- বাস চলাচল বন্ধ