ঢাকা শুক্রবার, ০৬ নভেম্বর ২০২৬

তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী

তরুণদের মাদকমুক্ত রাখতে খেলাধুলার বিকল্প নেই: ভূমি প্রতিমন্ত্রী
×
×

ছবি- সমকাল

চট্টগ্রাম ব্যুরো

প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৬ | ১৪:৫৩

তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা এবং সুস্থ দেহ ও মনের বিকাশে খেলাধুলার ভূমিকা অপরিসীম বলে মন্তব্য করেছেন ভূমি ও পার্বত্য চট্টগ্রামবিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন। তিনি বলেন, নানা রোগ ও খারাপ কাজ থেকে দূরে রাখতেও খেলাধুলা গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। তাই সরকার খেলাধুলাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন উদ্যোগ নিয়েছে

চট্টগ্রামের করপোরেট জগতে ক্রীড়ার উন্মাদনা ও সম্প্রীতির বার্তা ছড়িয়ে দিতে আয়োজিত ‘এশিয়ান গ্রুপ করপোরেট ফুটসাল টুর্নামেন্ট-২০২৬’-এর সমাপনী ও পুরস্কার বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

প্রতিমন্ত্রী বলেন, করপোরেট প্রতিষ্ঠানগুলোর মধ্যে পেশাগত কাজের বাইরে খেলাধুলার এই মেলবন্ধন অত্যন্ত প্রশংসনীয়। তরুণ সমাজকে মাদকমুক্ত রাখা, সুস্থ দেহ ও মনের বিকাশ এবং বাণিজ্যিক প্রতিষ্ঠানগুলোর মধ্যে পারস্পরিক সৌহার্দ্য বাড়াতে এমন আয়োজনের বিকল্প নেই। এশিয়ান গ্রুপ চট্টগ্রামে যে ক্রীড়া সংস্কৃতি গড়ে তুলছে, তা অনুকরণীয়।

টুর্নামেন্টের মূল পরিকল্পনাকারী ও এশিয়ান গ্রুপের পরিচালক ওয়াসিফ আহমেদ সালাম বলেন, ব্যস্ত করপোরেট জীবনের মধ্যে সম্প্রীতির বন্ধন সুদৃঢ় করা এবং মাদকমুক্ত সুস্থ সমাজ গঠনের লক্ষ্যেই প্রতিবছর এ আয়োজন করা হয়। ব্যবসার পাশাপাশি বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তাদের মধ্যে যোগাযোগ ও বন্ধুত্বের নতুন ক্ষেত্র তৈরি করাই আমাদের মূল উদ্দেশ্য।

সমাপনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন এশিয়ান গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক, বিজিএমইএর সাবেক প্রথম সহসভাপতি ও বর্তমান পরিচালক মোহাম্মদ আবদুস সালাম, বিজিএমইএ পরিচালক এমডিএম মহিউদ্দিন চৌধুরী, এনামুল আজিম চৌধুরী ও সাইফ উল্লাহ মনসুর। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজিএমইএর সাবেক পরিচালক খন্দকার বেলায়েত হোসেন।

আরও পড়ুন

×