ঢাকা বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬

'শেখ' বানানে ভুল, ইবি রেজিস্ট্রারকে শোকজ

'শেখ' বানানে ভুল, ইবি রেজিস্ট্রারকে শোকজ
×

ফাইল ছবি

ইবি প্রতিনিধি

প্রকাশ: ১১ ডিসেম্বর ২০২০ | ০৭:২৮

ইসলামী বিশ্ববিদ্যালয়ের (ইবি) ২০২০-২১ অর্থবছরে প্রকাশ হতে যাওয়া ডেস্ক ক্যালেন্ডারে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নামের বানানে ভুল থাকায় ভারপ্রাপ্ত রেজিস্ট্রার এসএম আব্দুল লতিফকে শোকজ করেছে কর্তৃপক্ষ। গত বুধবার উপাচার্যের পিএস আইয়ূব আলী স্বাক্ষরিত নোটিশে এ তথ্য জানানো হয়।

জানা গেছে, প্রতি বছরের মতো এ বছরেও ইসলামী বিশ্ববিদ্যালয়ের ক্যালেন্ডার প্রকাশ করেছে কর্তৃপক্ষ। দেয়াল ক্যালেন্ডার প্রকাশ হলেও করোনার কারণে এখনও ডেস্ক ক্যালেন্ডার প্রকাশ করেতে পারেনি। এই ক্যালেন্ডার ডিজাইন পরিকল্পনা ও সম্পাদনার জন্য তিন সদস্যের একটি মুদ্রণ কমিটি রয়েছে। সেখানে মার্কেটিং বিভাগের সভাপতি অধ্যাপক জাকারিয়া রহমান আহ্বায়ক, প্রেস প্রশাসক ড. মোস্তফা জামাল হ্যাপি সদস্য ও জনসংযোগ অফিস প্রধান আতাউল হক সদস্য সচিব হিসেবে রয়েছেন।

গত ৭ ডিসেম্বর ডেস্ক ক্যালেন্ডারের বর্ডারের রং চূড়ান্ত করার জন্য দু'টি খসড়া কপি উপাচার্য অধ্যাপক শেখ আব্দুস সালামের কাছে নিয়ে যান রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এসএম আব্দুল লতিফ। এতে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও শেখ রাসেলের নামের ‘শেখ’ বানানের শেষে ‘এইচ’ না থাকার ভুল উপাচার্যের চোখে পরে বলে জানা গেছে। এ ভুলের কারণ জানতে চেয়ে গত ৯ ডিসেম্বর রেজিস্ট্রারকে উপাচার্যের নির্দেশে পিএস আইয়ূব আলী শোকজ করেছেন বলে এক নোটিশে জানা গেছে। এতে আগামী ৭ দিনের মধ্যে উপযুক্ত কারণ ব্যাখা করে তাকে জবাব দিতে বলা হয়েছে।

এদিকে এ ঘটনার পর ক্যালেন্ডার প্রকাশের কাজের সঙ্গে জড়িত নন জানিয়ে প্রতিবাদলিপি দিয়েছেন প্রেস প্রশাসক ড. মোস্তফা জামাল হ্যাপি। এছাড়া এই প্রকাশিতব্য ক্যালেন্ডারে বঙ্গবন্ধুর নামের বানানে ভুল থাকার ঘটনায় জড়িতদের বিচার দাবি করেছে ইবি বঙ্গবন্ধু পরিষদ কেন্দ্র ঘোষিত কমিটি।

রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) এস এম আব্দুল লতিফ বলেন, ‘আতউল হক সাহেব অসুস্থ থাকায় তিনি এই খসড়া কপি দু'টি আমাকে উপাচার্যের কাছে নিয়ে যেতে বলেন। কপি দেখার এক পর্যায়ে ২য় বা ৩য় পৃষ্ঠায় শেখ নামের বানানে ‘এইচ’ না থাকায় উপাচার্য আমাদের সামনে সব ছুঁড়ে ফেলে দেন। পরে অবশ্য উনি দুঃখ প্রকাশ করেছেন। কিন্তু আমাকে কারণ দর্শানোর বিষয়টি কোনভাবেই বোধগম্য হচ্ছে না। কেননা এরা সঙ্গে কোন সংশ্লিষ্টতা আমার নেই।’

এবিষয়ে জনসংযোগ অফিসের প্রধান আতাউল হক বলেন, ‘করোনার কারণে ক্যাম্পাস বন্ধ হওয়ায় ডেস্ক ক্যালেন্ডারের কাজ আটকে যায়। পরে উপাচার্য পরিবর্তন হওয়ায় ক্যালেন্ডার প্রকাশ কমিটির রেজুলেশন অনুযায়ী যাচাই বাচাইসহ নির্দেশনার দায়িত্ব নতুন উপাচার্যের ওপরেই বর্তায়। গত নভেম্বরের শেষ দিকে নতুন উপাচার্যের কাছে ডেস্ক ক্যালেন্ডারের ছবি বাছাই করে নেওয়া হয়। সেগুলোর খসড়া উপাচার্য স্যারের কাছে পাঠানো হয়। এখানে ১৩টা পাতায় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান হল, দেশরত্ম শেখ হাসিনা হল, বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেসা মুজিব হল, শেখ রাসেল হলসহ বঙ্গবন্ধুর মুর‌্যাল, সাত মার্চের ভাষণ সম্বলিত ছবি ছিলো।’

এবিষয়ে উপাচার্য অধ্যপক শেখ আব্দুস সালাম বলেন, ‘জাতির পিতার নামের বানানে ভুল অনভিপ্রেত। রেজিস্ট্রার আমাকে কেবল বর্ডার দেখতে বলেছিলেন। খসড়া কপির কথা বলেননি। তিনি এর আগেও বেশ কয়েকটি ভুল করেছেন। এখন উনার জবাব আসুক, তারপর বকিটা বোঝা যাবে।’

আরও পড়ুন

×